অনিয়ম হলে ছাড় নেই: গভর্নর
ব্যাংকিং খাতের দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি শক্ত হাতে ব্যাংকগুলোকে পরিচালনার জন্য। কিন্তু যে জঞ্জাল দশকের পর দশক ধরে জমা পড়েছে এটা অল্প সময়ে মধ্যে পরিষ্কার করা বেশ কঠিন।
“কার্পেটের নিচে জমে থাকা ময়লা আমরা বের করার চেষ্টা করছি। এই আবর্জনা পরিষ্কার করতে গেলে পরিবেশ সাময়িক সময়ের জন্য ধুলোময় হয়ে যেতে পারে। তবুও ব্যাংকিং খাতের সব অনিয়ম দূর করার জন্য রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংক সোচ্চার ভূমিকা পালন করছে এবং করবে।”
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আর্থিক খাতে অনিয়ম-দুর্নীতি দূর করার বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান আজম জে চৌধুরীর দাবির উত্তরে এমন বক্তব্য দেন গভর্নর।
গভর্নরের আগে বক্তব্য দিতে গিয়ে আজম জে চৌধুরী বলেন, “জীবনেও যেটা শুনি নাই এখন সেটা শুনতে হচ্ছে। বিভিন্ন ব্যাংকের লোকজন সাধারণ জনগণের টাকা মেরে দিচ্ছে। একজনের পে-অর্ডার অন্যজনের নামে দিয়ে দিচ্ছে, আরও কত যে কি দুর্নীতি করে!”
“ব্যাংকগুলো থেকে তদন্ত কমিটি হয়, অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে প্রথমে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করা হয়, এর কিছুদিন পর অন্য জায়গায় পোস্টিং হয়ে যায়। এটা এখন প্রত্যেকটা ব্যাংকে ছড়িয়ে যাচ্ছে।”
তিন বলেন, গভর্নরের কাছে আহ্বান জানাচ্ছি মাইক্রো লেবেল থেকে তদন্ত করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না খতিয়ে দেখেন। কম্প্রিহেনসিভ ইনস্পেকশনের ব্যবস্থা করুন, সবই বেরিয়ে আসবে।”
সিএসআর-এর টাকায় বিভিন্ন ব্যাংকের ফাউন্ডেশন কী কী অনিয়ম করছে তাও খুঁজে বের করার আহ্বান জানান প্রাইম ব্যাংক চেয়ারম্যান।
তার এসব বক্তব্যের প্রসঙ্গ টেনে আতিউর রহমান বলেন, “ব্যাংকিং খাতে যতগুলো দুর্যোগ এসেছে, দুষ্টচক্রের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে সবগুলোকে রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংক ধরেছে এবং বের করেছে। এদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছেও আমরা তথ্য পাঠিয়েছি।”
সংসদীয় কমিটিকে বিভিন্ন ব্যাংকের অনিয়মের ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “সংসদীয় কমিটি ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবগুলো প্রতিষ্ঠান যাতে একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে সেই আহ্বান জানাই।”
ব্যাংকের পরিচালনা পর্ষদের যারা ‘কোড অব কন্ডাক্ট’ ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন আইন কানুন মানছেন না তাদের বেশ কয়েকজনের অপসারণ করা হয়েছে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, “এই প্রক্রিয়া চলছে, চলবে।”
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আতিউর রহমান বলেন, “ব্যাংকগুলোকে বলব, যারা জনগণের টাকা মেরে খাচ্ছে আমরা কিছু বলবার আগেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। সে তথ্য আমাদের কাছে পাঠিয়ে দেন।”
“আমরা একটি ডাটাবেজ তৈরি করছি, ডাটাবেজে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের তথ্য দেওয়া হবে, যাতে অন্যান্য ব্যাংক পরবর্তীতে নিয়োগের সময় এদেরকে বাদ দেয়।”
সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে জানিয়ে তিনি বলেন, “ছয় বছরের ব্যবধানে ব্যাংকিং খাতে সিএসআর ব্যয় প্রায় আট গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মুনাফা থেকেও সামাজিক দায়বদ্ধতামূলক একটি তহবিল গঠন করেছে।
“যেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যক্তিকে সহায়তা দেয়, বাংলাদেশ ব্যাংক সহায়তা দেয় বিভিন্ন প্রতিষ্ঠানকে।”
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন থেকে আগে বৃত্তি প্রাপ্ত এবং বর্তমানে সেখানে কর্মরতদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন গর্ভনর আতিউর রহমান ও প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
লক্ষ্য ঠিক করা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ৩৭২জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
মাসিক দুই হাজার ৪০০ টাকা হারে এক বছরের জন্য শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের তৈরি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রথম মাসের টাকার বার্তা এসএমএসের মাধ্যমে পাঠান গভর্নর।
অন্যদের মধ্যে নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, অধ্যাপক এম কিউ কে তালুকদার, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সভাপতি নাদের খান, প্রাইম ব্যাংকের পরিচালক নাজম হক ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আনোয়ার বক্তব্য দেন।
