২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোর সঙ্গে পাতালরেলের ‘ভাবনা’

ঢাকায় মেট্রোরেল চালুর উদ্যোগের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতালরেল নির্মাণের জন্য প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

তিনি জানান, বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনকে এ নির্দেশ দেন।

সভার পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, “নির্দেশনা অনুযায়ী, আমরা খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দিয়ে একটি সমীক্ষা চালাব। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্প তৈরি করব।”

নির্মাণাধীন মেট্রোরেলসহ চলমান যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পাতালরেল প্রকল্পও চলবে বলে জানান তিনি।

পাতালরেল প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ঢাকা সফরে এসে বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাইল পিটারস পাতালরেল নির্মাণে অর্থায়নের আগ্রহ দেখিয়েছেন।

“পদ্মা সেতু প্রকল্পের মতো এটিও একটি হবে স্বপ্নের প্রকল্প। এতে করে ঢাকার যানজট একেবারেই কমে আসবে।”

আগামী ২০১৯ সালের মধ্যে উত্তরা তৃতীয় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চালুর জন্য বর্তমানে ভূতাত্ত্বিক জরিপ চলছে।

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা লাগবে, যার ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাইকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকার যোগান দেবে সরকার।