২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পের জন্য ৩০ কোটি ডলারের তহবিল

শিল্প খাতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদি ঋণ দিতে ৩০ কোটি ডলারের একটি বৈদেশিক মুদ্রা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 11:18 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) সহযোগিতায় এ তহবিল গঠন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

আইডিএ প্রাথমিকভাবে তহবিলে ২৫ কোটি ৬০ লাখ ডলার দিয়েছে।

বাকি চার কোটি ৪০ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মেজবাউল হক জানিয়েছেন।

আইডিএর এই অর্থ ৩৬ বছরে পরিশোধ করতে হবে বলে বিশ্ব ব্যাংকের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জানান।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।

এই তহবিল গঠন, এর উদ্দেশ্য, কারা কিভাবে ঋণ নিতে পারবেন সে বিষয়ে একটি দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ জারি করা এক সার্কুলারে।

এই তহবিল থেকে উদ্যোক্তারা ৫, ৭ ও ১০ বছর মেয়াদে ঋণ নিতে পারবেন। ঋণের গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ দুই বছর। গ্রেস পিরিয়ড নির্ধারিত হবে প্রতিষ্ঠানের প্রকৃতির ওপর। ঋণ পরিশোধ হবে তিন মাসের কিস্তিতে।

এই তহবিল থেকে মূলত প্রকল্প ঋণ দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য আমদানি বিল পরিশোধের পাশাপাশি স্থানীয় ব্যয় মেটানোর জন্য ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিনিময় করে ব্যয় করতে পারবে।

মোট ঋণের কত অংশ স্থানীয় মুদ্রায় বিনিময় করা যাবে তা নির্ধারণ করবে ব্যাংক।

একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ কত ঋণ পাবে তার কোনো সীমা বেধে দেওয়া হয়নি। তবে যে ব্যাংক এই ঋণ বিতরণ করবে তারা ‘সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট’ অতিক্রম করতে পারবে না।

জমি কেনায় এই ঋণের অর্থ ব্যবহার করা যাবে না।

এই তহবিলের ঋণের সুদ হার নির্দিষ্ট করে দেওয়া হয়নি। লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের সঙ্গে সুদ হার নির্ধারিত হবে। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুদ হার নির্ধারিত হবে।

তবে তা ৫ বা ৬ শতাংশের বেশি হবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলছেন, একেক গ্রাহকের জন্য সুদ হার একেক রকম হবে। যে গ্রাহকের রেটিং ভালো তাদের জন্য সুদ হার কম হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে লাইবর রেটের সঙ্গে ৩ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ যোগ করে এই তহবিল দেবে। গ্রাহকদের মত ব্যাংকের ক্ষেত্রেও সুদ হার কমবেশি হবে। যে ব্যাংকের ক্যামেলস রেটিং ভালো তাদের জন্য সুদ হার কম হবে, আর যাদের ক্যামেলস রেটিং তুলনামূলকভাবে খারাপ তাদের সুদ হার বেশি হবে।

এই তহবিল চালু করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়েছেন দেশের শিল্পোদ্যোক্তারা।

ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি উদ্যোক্তাদের জন্য একটি সুখবর। উৎপাদনশীল খাত এর মাধ্যমে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনে সহযোগিতা পাবে। তবে এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। নতুবা বিনিয়োগ উৎসাহিত হবে না।”