২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে নারী কর্মী পাঠানোর বাধা ‘মিথ্যা প্রচার’

নির্যাতনের ‘মিথ্যা প্রচারের’ কারণে সৌদি আরবে নারী কর্মী পাঠানো যাচ্ছে না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 06:49 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে বিদেশে কর্মী পাঠানো নিয়ে আলোচনায় এ বক্তব্য আসে বলে কমিটির সদস্য মো. আয়েন উদ্দিন জানান।

বৈঠকের পর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতন করা হয় বলে মিথ্য প্রচারের কারণে বাংলাদেশি মহিলারা যেতে চাচ্ছেন না।”

মাসে ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার টাকা) বেতনে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি সরকার।

ওই চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার নারী কর্মী সৌদি আরবে পাঠানোর সুযোগ থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যেমে খবর এসেছে।

বিদেশে যেতে আগ্রহী নারী কর্মীদের নাম নিবন্ধনের জন্য প্রথমে ৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিলেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরে তা ৩১ মার্চ পর্যন্ত বাড়ায়। নির্ধারিত ওই সময়ে নাম নিবন্ধন করেন মাত্র ২ হাজার ৫৭০ জন নারী।

সম্প্রতি সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি নারী কর্মীরা সে দেশের আচার-সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে মুশকিলে পড়েন। এ কারণে বাংলাদেশি নারীরা গৃহকর্মীর চাকরি নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহী হন না।

সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতন করা হয়- এমন প্রচার এক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়।

আয়েন উদ্দিন বলেন, “দেখা যায় অনেক নারী কর্মী অসুস্থ হয়ে দেশে আসতে পারছে না। কিছু লোক, বিশেষ করে ধর্মান্ধ গোষ্ঠী ও মিডিয়া প্রচার করে- সেখানে নারী নির্যাতন হচ্ছে। এজন্য তারা যেতে চাইছে না।”

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব ২০০৮ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছিল। বিভিন্ন পর্যায়ে আলোচনার পর এ বছর আবার সৌদি শ্রমবাজার খোলে।

সরকারি হিসাবে বর্তমানে ১২ লাখ ৮০ হাজার বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত। এই হিসাবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন নিয়ে ৪ লাখ ১৪ হাজার ৮১২ জন বাংলাদেশি বিভিন্ন দেশে গেছেন।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, দিদারুল আলম এবং মো. আয়েন উদ্দিন বৈঠকে অংশ নেন।

এছাড়া প্রবাসী কলাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ‘বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন।