ঋণ বিষয়ে সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবে কেন্দ্রীয় ব্যাংক
ঋণ পেতে কোনো সমস্যা হচ্ছে কি না অথবা ঋণের মাধ্যমে জীবন মানের কোনো উন্নয়ন হচ্ছে কি না, তা জানতে সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এজন্য ব্যাংকগুলোকে প্রতি শাখা থেকে কমপক্ষে ১০ জন কৃষি ও পল্লী ঋণ গ্রহীতার মোবাইল নম্বর দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ।
সম্প্রতি এক চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেয়া হয়।
একই সঙ্গে সব কৃষি ও পল্লী ঋণ গ্রহীতার মোবাইল নম্বর ব্যাংক শাখায় সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে জানানো হয়, যদি কোন কৃষকের নিজের মোবাইল ফোন না থাকে তাহলে পাশের বাড়ির কারোর বা কোনো আত্মীয়ের ফোন নম্বর সংগ্রহ করতে।
কৃষকের মোবাইল ফোন না থাকায় ঋণ প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল রাখতেও বলা হয়েছে চিঠিতে।
ইতোমধ্যে এই তদারকি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানত তদারকির জন্য আমরা (বাংলাদেশ ব্যাংক) কৃষকদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছি। কৃষকদের ঋণ পেতে কোনো সমস্যা হচ্ছে কি না, ঋণ নিয়ে কী কাজে লাগিয়েছেন, তাতে তার কোনো উপকার হচ্ছে কি না, তার জীবনমানের কোনো উন্নয়ন হয়েছে কি না এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
“আমরা যাকে ফোন করছি শুধু তার তথ্য না, তার গ্রামের ও আশপাশের অন্যান্যদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে কি না, বা কারোর ঋণ পেতে কোন সমস্যার মধ্যে পড়তে হয়েছে কি না এতথ্য মোবাইলের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে,” বলেন মহাব্যবস্থাপক।
কৃষি ঋণ বিভাগের মনিটরিং উপবিভাগ এই তথ্য নিয়ে থাকে বলেও জানান তিনি।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে সারাদেশে ১৬ হাজার ৪০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগ বিতরণ হয়েছে বলে জানান মহাব্যবস্থাপক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিস্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচীতে ‘কৃষি ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার’ করার কথা বলা হয়েছে।
ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও কৃষকদের সঙ্গে মোবাইল ফোনে আলোচনা করা, ঋণের খোঁজ খবর নেওয়ার কথা বলা হয়েছে ওই নীতিমালায়।
