২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ২% পয়েন্ট

বাংলাদেশে ব্যাংকে নারী কর্মীর হার বাড়ছে বলে একটি জরিপে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 01:05 AM

Updated : 22 Aug 2022, 01:34 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)এর জরিপে দেখা গেছে, ২০১৪ সাল শেষে ব্যাংক খাতে মোট জনবলের প্রায় ১২ শতাংশ নারী কর্মী, যেখানে ২০১০ সালে এ হার ছিল ১০ দশমিক ৬৫ শতাংশ।

২০১৪ সাল শেষে দেশের ব্যাংক খাতের কর্মীর সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ৮৫০ জন। এদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ২৯৬ জন অর্থাৎ ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ পুরুষ। নারী ২০ হাজার ৫৫৪ জন, অর্থাৎ ১১ দশমিক ৯৬ শতাংশ।

২০১০ সালে ব্যাংক খাতে মোট জনবল ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৭৯ জন। তার মধ্যে পুরুষ ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ, নারী ছিল ১০ দশমিক ৬৫ শতাংশ।

এরপরের বছর ২০১১ সালে ব্যাংক খাতে জনবল বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৩ হাজার ২১০ জন। এরমধ্যে পুরুষ ছিল ৮৮ দশমিক ৮৫, নারী ছিল ১১ দশমিক ১৫ শতাংশ।

ওই জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতে প্রতিবছর ৫ শতাংশ হারে জনবল বাড়ছে। 

“নারী বাড়ার হার এর চেয়ে বেশি। তবে ব্যাংক খাত এখনও পুরুষ নিয়ন্ত্রিত খাত।”

বর্তমানে দেশে ৫৬টি তফসিলি ব্যাংক কাজ করছে। দেশব্যাপী এসব ব্যাংকের প্রায় ১০ হাজার শাখা রয়েছে।

সরকারি কয়েকটি ব্যাংকে নারী কর্মীদের মধ্যে মহাব্যবস্থাপক (জিএম) পদে কর্মরত রয়েছেন কয়েকজন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নারী। রয়েছেন একজন নারী নির্বাহী পরিচালক। এছাড়া কয়েকজন নারী মহাব্যবস্থাপক আছেন।

এছাড়া সরকারি-বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে নারীরা রয়েছেন।

ওই জরিপ পরিচালনা দলের প্রধান বিআইবিএমের ‘এ কে গঙ্গোপাধ্যায় চেয়ার’ অধ্যাপক এস এ চৌধুরী বলেন, “দেশে যেভাবে নারীর ক্ষমতায়ন হচ্ছে, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততা বাড়ছে, সেখানে ব্যাংক খাতের এই অগ্রগতি অবশ্যই ভালো। তবে আরও সুযোগ রয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান বলেন,ব্যাংকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

নারীদের অফিস সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছুটি নিশ্চিত করা, বেসরকারি ব্যাংকগুলোতে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা, শিশু সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টার করার কথা বলেন তিনি।

এছাড়া প্রশিক্ষণসহ ব্যাংকের পেশাগত উন্নয়নের অন্যান্য কার্যক্রমে নারী কর্মীদের সম্পৃক্ততা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।