২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো আয়কর মেলা: চট্টগ্রামে আদায় ৪৮২ কোটি টাকা

চট্টগ্রামের সাত দিনের আয়কর মেলায় আদায় হয়েছে ৪৮২ কোটি টাকার, যা গতবারের চেয়ে ১৩০ কোটি বেশি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার মেলার শেষ দিনেই আদায় হয় ২০ কোটি ২৪ লাখ আট হাজার ৪৬৩ কোটি টাকা।

চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর যুগ্ম কমিশনার মো. মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত দিনে মেলায় দুই লাখ ৪৫ হাজার ৬৮৩ জন সেবা নিয়েছেন। রিটার্ন জমা পড়েছে ১৭ হাজার ৪২০টি।

তিনি বলেন, এবারের মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন এক হাজার ৬০ জন এবং পুনঃনিবন্ধিত হয়েছেন ৯৭ জন।

কর কর্মকর্তা মাসুদ জানান, এবার ৪৮২ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ৫৪৪ টাকা আয়কর জমা পড়ে। গতবারের মেলায় কর আদায় হয়েছিল ৩৫২ কোটি টাকা।

শেষ দিনে রিটার্ন জমা পড়ে তিন হাজার ১৭৬টি এবং নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করেন ১৮৬ জন। মেলা থেকে সেবা নিয়েছেন ৩৮ হাজার ৬৮৬জন। 

গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে প্রতিবারের মতো এবারও সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। শুরুর দিনে ২৮ কোটি টাকার আয়কর আদায় হয়।

এছাড়া চলতি অর্থবছরে চট্টগ্রামের চারটি কর-অঞ্চল মিলে আট হাজার কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।