২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করের টাকা পরিশোধে অনলাইন সেবা চান টিআইএনধারীরা

অনলাইনে করের টাকা পরিশোধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন মেলা নিয়ে সন্তুষ্ট গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 12:38 AM

Updated : 12 Oct 2022, 04:13 PM

কর ক্যালকুলেশন, পেমেন্ট এবং রিটার্ন দাখিলের মতো কাজগুলো অনলাইনে করার পক্ষেই মত দিয়েছেন শুক্রবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবের কর মেলায় আসা বিভিন্ন বয়সী করদাতারা।

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর মেলা। এবারই প্রথমবারের মতো উপজেলা পর্যায়েও হয়েছে মেলার আয়োজন।

শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় প্রথম দুই দিনের চেয়ে একটু বেশিই দেখা গেছে। তাদেরই একজন বেসরকারি মোবাইল কোম্পানির চাকুরিজীবী মো. তরিকুল ইসলাম।

পাঁচ মিনিটেই কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি ৫ বছর ধরে কর দিচ্ছি। আজ রিটার্ন দাখিল করতে এসেছিলাম।

“বেশ ভালো লাগছে। তবে অনলাইনেই যদি সব করা যেত, তাহলে আর মেলায় আসারই দরকার হতো না।”

অনলাইনকেই ‘আরও ভালো বিকল্প’ বলে মত দেন তিনি।

আরেকজন করদাতা ব্যবসায়ী আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইনে যদি সব করা যায় তাহলে সরকারকে কেন টাকা দিতে পারবো না। সরকার টাকা নেবে।”

সরকারকে টাকা দিতে তখন আর তার ‘যানজট অতিক্রম করে আসতে’ হবে না বলেও জানান তিনি।

অবশ্য আরেক ক্ষুদ্র ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাপ ইন্টারনেট বুঝি না। কিন্তু আমার পোলা সব বুঝে। তবে সেও অনেক চেষ্টা করে দেখেছে, ইন্টারনেটে ট্যাক্স দেওন যায় না।”

ইন্টারনেটের মাধ্যেমে আয়কর দিতে না পারায় তাকে ব্যবসা ফেলে এখানে আসতে হয়েছে বলে অসহায়ত্ব প্রকাশ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে মেলার এক করদাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক আশ্চর্য দেশ আমাদের। সরকারি টাকা তুলতে যাবেন, টাকা চাবে। সরকারকে টাকা দিতে যাবেন, তাও টাকা চাবে।”

আয়কর মেলা তাকে ‘এমন অবস্থা থেকে কিছুটা রেহাই দিয়েছে’ বলে স্বস্তি প্রকাশ করেন তিনি।

তবে অনলাইন না বোঝা ব্যবসায়ী লুৎফর রহমান কর মেলাতেই সন্তুষ্ট।

তিনি বলেন, “এখানতো অনেক সুন্দরভাবে কাজ করা যায়। আসলাম, কাজ শেষে এখন আবার চলে যাচ্ছি। অল্প কয়েক মিনিটের ব্যাপার।”

এসব বিষয়ে যোগাযোগ করা হলে এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর প্রদানের কাজগুলো পরীক্ষামূলকভাবে চলছে। আমরা এ বিষয়ে কাজ করছি।”

আগামীতে রিটার্ন দাখিলের সময় সব কিছু অনলাইনেই করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “প্রথমত, এ জন্য আইন বদলাতে হবে। আগামী বাজেট অধিবেশনে আশা করি, এই আইন সংশোধিত হবে।”

‘কিউ ক্যাশের’ মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত কর দেওয়া যায় জানিয়ে তিনি বলেন, “তখন সম্ভাব্য সব উপায়ে যে কোন পরিমাণ কর অনলাইনেই দেওয়া যাবে। আমরা এটাকে লিমিটলেস করে দেব। তখন ক্যালকুলেশন, পেমেন্ট, রিটার্ন সব কিছুই অনলাইনে হবে।”

সব অনলাইনে করা গেলে একটা সময় ‘আয়কর মেলার’ আবেদনও কমে যাবে জানিয়ে রাজ্জাক বলেন, “ঘরে বসে সব করা গেলে মানুষ মেলায় কেন আসবে?”

সেসময় ভিন্নভাবে কিছু কিছু সেবা দিতে হবে মন্তব্য করে উদাহরণ হিসেবে তিনি ‘কল সেন্টার’ করা যেতে পারে বলে মত দেন তিনি।

“এমন সময় আনতে হবে যেনো ফোনে কোন সমস্যার কথা বলে করদাতারা সেখানেই সমাধান পান।”

এবারের আয়কর মেলা সাতটি বিভাগীয় শহর, ৬৪টি জেলা শহর ও ৮৬টি উপজেলায় আয়োজন করা হয়েছে।

ঢাকা ও বিভাগীয় শহরে এই মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা শহরে চারদিন এবং উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ মেলা হবে। এরমধ্যে ২৯টি উপজেলায় দুই দিন এবং ৫৭টি উপজেলায় একদিন।

এনবিআর দেওয়া তথ্যমতে, এই মেলা থেকে আয়কর দাতাদের রিটার্ন দাখিল, নতুন ই-টিআইএন নেওয়া, পুরনো করদাতাদের নতুন করে ই-টিআইএন করে দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে।

সংস্থাটির ওয়েব সাইটের মাধ্যমে ট্যাক্স ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে করদাতারা নিজেদের কর হিসাব করতে পারবেন সে বিষয়েও সহায়তা দেওয়া হচ্ছে মেলায়।

২০১০ সাল থেকে আয়কর মেলার আয়োজন করে আসছে এনবিআর। করদাতাদের কর দেওয়ায় উৎসাহিত করা ও আধুনিক কর ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে সহযোগিতা করতে এ মেলার আয়োজন করা হয়ে থাকে।

গত বছরের মেলা থেকে ১ হাজার ৬৭৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আয়কর বিবরণী দাখিল করেছিলেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন।

নতুন ই-টিআইএন ইস্যু হয়েছিলো ২৬ হাজার ৭৪৫টি। মেলা থেকে বিভিন্ন সেবা গ্রহণ করেছিলেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন। এই মেলায় করদাতারা ২০১৫-১৬ করবর্ষের কর দিতে পারবেন।

চলতি অর্থবছরে সরকার এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এরমধ্যে আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬৪ হাজার ৯৭১ কোটি টাকা।