২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অদক্ষতার’ কারণে চলে যায় ৪০০ কোটি ডলার

বিদেশিরা বাংলাদেশে কাজ করে প্রতি বছর ৪০০ কোটি ডলার নিয়ে যায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

এজন্য বাংলাদেশিদের অদক্ষতাকে দায়ী করে তিনি বলেছেন, দেশে দক্ষ জনবল গড়ে তোলা গেলে এই অর্থ সাশ্রয় হত।       

সোমবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এক অনুষ্ঠানে এই হিসাব দেন অর্থমন্ত্রী, যে খাতে বহু বিদেশি কাজ করেন।

‘কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিক গড়তে বিনিয়োগ’ শীর্ষক একটি একটি কর্মসূচির (এসইআইপি) সার্টিফিকেট বিতরণের ওই অনুষ্ঠান হয়েছিল রাজধানীর সোনারগাঁও হোটেলে।

মুহিত বলেন, “দেশে দক্ষ শ্রমিকের অভাবে বিদেশিরা এসে বাংলাদেশে দক্ষ জনবল হিসেবে কাজ করে বছরে প্রায় ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার নিয়ে যাচ্ছে।

“দেশে কার্যকর প্রশিক্ষণ দিয়ে শ্রমিক এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষ করে গড়ে তোলা গেলে এ বিশাল অর্থের সাশ্রয় করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি বলেন, “৩০ শতাংশ শ্রমিকের ঘাটতি নিয়ে চলছে পোশাক খাত, অথচ দেশের জনসংখ্যার বড় একটা বেকার। এ পরিস্থিতি কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা প্রয়োজন।”

অর্থমন্ত্রী বলেন, এসিআইপি কর্মসূচির আওতায় পোশাক কারখানায় নতুন শ্রমিক থেকে শুরু করে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা পদে দক্ষতা উন্নয়নে ৪৩ হাজার ৮০০ দক্ষ কর্মী গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

পোশাকসহ আরও পাঁচটি খাতে মোট ২ লাখ ৬০ হাজার শ্রমিককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে ৫ বছর মেয়াদি প্রকল্পের ১০০ কোটি ডলারের মধ্যে সরকার দেবে ২০ কোটি ডলার, বাকিটা দেবে এডিবি।

মুহিত বলেন, “দক্ষ ব্যবস্থাপনায় অনেক দুর্বলতা আছে। অথচ গোটা জাতি অর্থনৈতিক উন্নয়নে যত স্বপ্ন দেখছে, সে সবের কোনোটিই বাস্তবায়ন হবে না দক্ষতা উন্নয়ন ছাড়া। এসব বিবেচনায় দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার।”

এসইআইপি প্রকল্পের পরিচালক জালাল আহমেদ বলেন, শ্রমিক এবং দক্ষতা উন্ননে ২০১১ সালে একটি নীতি গ্রহণ এবং পরে কাউন্সিল গঠন করা হয়েছে। কার্যকর প্রশিক্ষণের পর স্থানীয় ঘাটতি মিটিয়ে বিদেশেও দক্ষ শ্রমশক্তি রপ্তানির সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এডিবির টিম লিডার ব্রজেস পাল, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ সুমন প্রমূখ। বিজিএমইএর সাবেক সভপতি আবদুস সালাম মুর্শেদীও অনুষ্ঠানে ছিলেন।

পুরনো খবর:

বাংলাদেশে থাকা বিদেশিদের মুদ্রা ও সম্পত্তির তথ্য দিতে হবে