চট্টগ্রামে ৮ হাজার কোটি টাকা আয়করের লক্ষ্য
আয়কর দেওয়ায় মানুষের সচেতনতা বাড়ার প্রেক্ষাপটে চলতি অর্থবছরে (২০১৫-১৬) চট্টগ্রামের চারটি করঅঞ্চলে আট হাজার কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্য ধরা হয়েছে।
রোববার ‘জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা’র প্রস্তুতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কমিশনার ও আয়কর দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজী ইমদাদুল হক জানান, আয়কর মেলা ও দিবস উদযাপনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান বাড়ছে।
“গত করবর্ষে মেলায় রিটান দাখিলের সংখ্যা কমলেও আয়কর আদায়ের পরিমাণ বেড়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণেই আয়কর আদায় বেড়েছে।”
সংবাদ সম্মেলনে চট্টগ্রামে গত তিনটি আয়কর মেলার তুলনামূলক পরিসংখ্যান দিয়ে বলা হয়, ২০১৩-১৪ করবর্ষে ১৯ হাজার ৪৩৭ রিটার্ন দাখিল হলেও আয়কর আদায় হয় ২৭৬ দশমিক এক কোটি টাকা। অথচ ২০১৪-১৫ করবর্ষে ১২ হাজার ৫৮৫টি রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩৫২ কোটি টাকা।
কর কমিশনার ইমদাদুল হক বলেন, “প্রতিবার মেলা আয়োজনের ফলে প্রত্যক্ষ কর প্রদানে জনগণের সচেতনতা বেড়েছে। ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে পাঁচ বছরে আয়কর আহরণ প্রায় তিনগুণ বেড়েছে।”
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার অপূর্ব কান্তি দাশ জানান, গত অর্থবছরে (২০১৪-১৫) ছয় হাজার ২০৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। একই সময়ে রিটার্ন জমা পড়েছে এক লাখ ২০ হাজার ৯৬৬।
চট্টগ্রামের চারটি করঅঞ্চলে মোট করদাতার সংখ্যা দুই লাখ ৮০ হাজার ২১২ উল্লেখ করে তিনি বলেন, “এর মধ্যে ছয় হাজার ৬৫৫টি কেম্পানি শ্রেণির। আর বাকিরা ব্যক্তিশ্রেণির করদাতা।”
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্চিনিয়ার মোশাররফ হোসেন আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন করবেন। পরদিন বুধবার সকাল দশটায় নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন তিনি। উভয় অনুষ্ঠানেই বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় রিটার্ন জমা দেওয়া ছাড়াও ই-টিআইএন নিবন্ধন এবং পুরনো করাদাতারা পুনর্নিবন্ধন করতে পারবেন।
এছাড়া মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথ থাকবে। করদাতারা মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথের মাধ্যমে তাদের আয়কর জমা দিতে পারবেন। মেলায় প্রথমবারের মতো কাস্টমস ও মূল্য সংযোজন কর বিভাগ এবং জাতীয় সঞ্চয় পরিদপ্তরের বুথ থাকবে।
