২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি বিল পাস

অবকাঠামো নির্মাণসহ সেবা খাতে ব্যাপকভাবে বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে পিপিবি বিল সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:54 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

সোমবার সংসদ কাজে প্রধানমমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিল-২০১৫’ পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

সরকার বলছে, দেশের ‘অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করতে’এবং পিপিপিকে আইনি কাঠামো দিতেই এ আইন।

পিপিপি আইন কার্যকর হওয়ার পর এ বিষয়ে একটি কর্তৃপক্ষ গঠিত হবে। পিপিপি কর্তৃপক্ষের একটি বোর্ড অব গভর্নরস থাকবে এবং এর চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী হবেন বোর্ডের ভাইস চেয়ারপারসন।

প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকবেন সদস্য এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদাধিকারবলে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন।

গত ১ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হলে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উত্থাপিত বিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রাখার প্রস্তাব থাকলেও সংসদীয় কমিটি উপদেষ্টা পরিষদের বদলে বোর্ড অব গভর্নরসের সুপারিশ করে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগ বাস্তবায়নের জন্য পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ফর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ২০১০ প্রণয়ন করা হয়।

পিপিপির উদ্যোগে বর্তমানে বিভিন্ন খাতের ৪২টি প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়াধীন জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, “এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও তাদের জীবনমান উন্নয়নের স্বার্থে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং  বিভিন্ন খাতের অবকাঠামো নির্মাণসহ সেবাখাতে ব্যাপক বিনিয়োগ নিশ্চিতকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনি কাঠামো দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ প্রণয়ন কার্য্ক্রম গ্রহণ করা হয়েছে।”