২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি অর্থ এলেও লক্ষ্য পূরণ হয়নি

২০১৪-১৫ অর্থবছরে দাতা দেশ ও সংস্থাগুলো থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থছাড় নিশ্চিত করা গেলেও প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য পূরণ করতে পারেনি সরকার।

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অর্থবছরের জন্য সরকার যে পরিমাণ বৈদেশিক সহায়তা ছাড়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল তার চেয়ে বেশি ছাড় হয়েছে। তবে সরকার কঠিন শর্তের ঋণ নিতে রাজি না হওয়ায় প্রতিশ্রুতির টার্গেট থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।”

সম্প্রতি চীন একটা বড় ধরনের ঋণ চুক্তির প্রস্তাব করলেও কঠিন শর্তের হওয়ায় সরকার চুক্তি করেনি বলে জানান তিনি।

ইআরডির বৈদেশিক সহায়তা বাজেট উইংয়ের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০১৪-১৫ অর্থবছরে দাতা দেশ ও সংস্থাগুলো মোট ৩০০ কোটি ৮৯ লাখ ডলার ছাড় করেছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৯ লাখ ডলার বেশি।

অন্যদিকে এই অর্থবছরে ৫৮২ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও প্রতিশ্রুতি পাওয়া গেছে ৫২১ কোটি ডলারের।

২০১৩-১৪ অর্থবছরে মোট বৈদেশিক অর্থ এসেছিল ৩০০ কোটি ৮৬ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায়  ৩ লাখ ডলার বেশি এসেছে।

গত অর্থবছরে ছাড় হওয়া বৈদেশিক অর্থের মধ্যে ৫৬ কোটি ৫৩ লাখ ডলার পাওয়া গেছে অনুদান হিসেবে, আর ২৪৪ কোটি ৩৬ লাখ ডলার এসেছে ঋণ হিসেবে।

প্রতিশ্রুত বিদেশি সহায়তার মধ্যে ৪৫ কোটি ৫৭ লাখ ডলার অনুদান এবং ৪৭৫ কোটি ৫১ লাখ ডলার ঋণ হিসেবে দিতে চেয়েছে দাতা দেশ ও সংস্থাগুলো।

গত অর্থবছরে সবচেয়ে বেশি ১০১ কোটি ৩৩ লাখ ডলার ছাড় করেছে বিশ্ব ব্যাংক। ১৩ কোটি ১২ লাখ ডলার অনুদান হিসেবে এবং ৮৮ কোটি ২১ লাখ ডলার ঋণ হিসেবে দিয়েছে সংস্থাটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭১ কোটি ১৫ লাখ ডলার ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি অনুদান হিসেবে দিয়েছে ৫৮ লাখ ডলার; আর ৭০ কোটি ৫৭ লাখ ডলার দিয়েছে ঋণ হিসেবে।

তৃতীয় সর্বোচ্চ অর্থ ছাড় করেছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা- জাইকা। তাদের দেওয়া ২৯ কোটি ৪০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ১৭ লাখ ডলার অনুদান, আর ২৮ কোটি ২২ লাখ ডলার ঋণ হিসেবে এসেছে।

এছাড়া ঋণ হিসেবে চীন ১৪ কোটি ৮০ লাখ ডলার, ভারত ৯ কোটি ৩৮ লাখ ডলার এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১২ কোটি ডলার ছাড় করেছে।

গত অর্থবছরে দাতাদের পুঞ্জিভূত পাওনা থেকে মোট ১১০ কোটি ৫৯ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। এর মধ্যে সুদ হিসেবে ১৮ কোটি ২৪ লাখ ডলার, আর আসল হিসেবে ৯২ কোটি ৩৪ লাখ ডলার পরিশোধ করা হয়েছে।

চলতি ২০১৫-১৬ অর্থবছরে বিদেশি অনুদান/ঋণ সহায়তা হিসেবে ৬০০ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।