২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগে ব্যাংক শুক্র, শনিবার খোলা রাখার নির্দেশ

সীমিত জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক খোলা রাখতে বলেছে ইসি।

ভোটের আগে ব্যাংক শুক্র, শনিবার খোলা রাখার নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 08:34 PM

Updated : 31 Mar 2024, 07:48 PM

সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য ৭ জানুয়ারি ভোটগ্রহণের আগের দুইদিন- শুক্র ও শনিবার সব ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সীমিত জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক খোলা রাখতে বলেছে ইসি।

সরকারিভাবে সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণত শুক্র ও শনিবার বন্ধ থাকে সব ধরনের ব্যাংক।

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলার নির্দেশনা দিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব আতিয়ার রহমান।

এতে বলা হয়, “ভোটগ্রহণের পূর্বের ২দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে।

“ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে উক্তরূপ তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”

যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নির্বাচনি দায়িত্বে থাকবেন, তাদেরকে ব্যাংকিংয়ের কাজে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।  

নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার বিকাল পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগে চিঠি পৌঁছায়নি। বৃহস্পতিবার চিঠি পেয়ে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।”