দুর্গাপূজা: পাঁচ দিন ছুটির প্রজ্ঞাপন জারি
ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি ও আগের শনিবার অফিস খোলা রাখার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর ধারাবাহিকতায় ২২ অক্টোবরের (বৃহস্পতিবার) কর্মদিবসেও ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন ছুটি থাকছে।
আর ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবা। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতায় থাকবেন না। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও প্রয়োজন অনুযায়ী চালু থাকবে।
ছুটির সময়ে ব্যাংক কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
এ ছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
