পূজার ছুটির আগে শনিবার অফিস খোলা, ৭ নভেম্বর সাধারণ ছুটি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন ছুটির আগের শনিবার-১৭ অক্টোবর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ৭ নভেম্বরে সাধারণ ছুটির দিন ঘোষণার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ এ সাধারণ ছুটি থাকবে।
এদিকে এ বৈঠকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
এবার ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
