২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৭ ভবনে এইডিসের লার্ভা, ৮৭০০০ টাকা জরিমানা

নালা-নর্দমায় ওষুধ ছিটানো হলেও আবাসিক ভবনগুলো হয়ে উঠছে মশার বড় আবাসস্থল, বলেন সিটি মেয়র রেজাউল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 08:04 PM

Updated : 09 Jul 2023, 10:23 PM

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সাতটি ভবনেই

এইডিস মশার লার্ভা মিলেছে। এজন্য ভবনগুলোর মালিকদের ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এ অভিযানকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসব ভবনের ছাদ বাগান ও সুইমিং পুলে ডেঙ্গু রোগের বাহক এইডিস মশার লার্ভা ও আবাসস্থল পাওয়া যায়।

করপোরেশনের বিশেষ ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন সাতটি ভবনের মালিকপক্ষকে মোট ৮৭ হাজার টাকা জরিমানা করেন বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়।

চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি জানান, নগরীর মোট ৬০টি আবাসিক এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে।

এদিন অভিযানকালে ঢাকার পর এবার চট্টগ্রাম নগরীতেও ড্রোন উড়িয়ে মশার বাসস্থানের অনুসন্ধান চালায় সিটি করপোরেশন।

অভিযানে চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নালা-নর্দমায় ওষুধ ছিটানো হলেও আবাসিক ভবনগুলো হয়ে উঠছে মশার বড় আবাসস্থল। কিন্তু অনেক বাড়ির মালিক নিরাপত্তার অজুহাত দেখিয়ে আমাদের কর্মীদের ছাদে উঠতে দেন না।

যে কারণে ‘বাধ্য হয়ে’ ড্রোন দিয়ে বিভিন্ন ভবনের ছাদ পর্যবেক্ষণ করতে হচ্ছে বলে জানান তিনি।

সিটি মেয়র জানান, নগরীতে ৪৩৫টি ঝুকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লার্ভিসাইডসহ বিভিন্ন মশা নিধনকারী ওষুধ ছিটানো হচ্ছে করপোরেশনের পক্ষ থেকে।

তিনি বলেন, রোববার ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করা বহুতল ভবনগুলোর প্রায় ছাদে পানি জমে থাকতে দেখা গেছে। প্রথম দিনে ডেকে সতর্ক করা হলেও জমে থাকা পানি না সরালে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম জানান, মশার সংক্রমণ কমাতে চসিকের পক্ষ থেকে ১০০ দিনের নিবিড় কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে।

রোববার আরবান ভলান্টিয়ার ও রেডক্রিসেন্টের ভলান্টিয়ারদের টিম গঠন করে নগরীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং এবং লিফলেট বিতরণ করে জনগণকে তাদের বাসায় জমে থাকা পানি অপসারণের আহবান জানানো হচ্ছে এবং মশার ওষুধ ছিটানো হচ্ছে।

অভিযানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মো. মোরশেদ আলম, জেসমিন পারভীন জেসীসহ নাসিরাবাদ হাউজিং সোসাইটি কল্যাণ পরিষদের নেতার উপস্থিত ছিলেন।