২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলি ছোড়া ব্যক্তির পরিচয় মিলেছে

গোলাগুলিতে আহত হয়েছে দুজন।

চট্টগ্রামে গুলি ছোড়া ব্যক্তির পরিচয় মিলেছে

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে সংঘর্ষের সময় একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 05:35 PM

Updated : 07 Jan 2024, 05:35 PM

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি ছোড়া যে ব্যক্তির ছবি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, তার নাম শামীম আজাদ।

শামীম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত।

নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, পিস্তল হাতে যে যুবককে দেখা গেছে, তার নাম শামীম আজাদ।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমার অনেক কর্মী আছে। কে কী করল সেটা তো আমি জানি না। ঘটনার সময় তো আমি সেখানে ছিলাম না।”

কাউন্সিলর ওয়াসিম এবারের নির্বাচনে সাবেক মেয়র মনজুর আলমের সমর্থনে কাজ করছেন।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। 

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

“ভোটকেন্দ্রের ভেতর কোনো সমস্যা হয়নি। সড়কে সমস্যা হয়েছে।” 

স্থানীয়রা জানিয়েছেন, ভোটকেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি চালানোর ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ দুজন হলেন শান্ত বড়ুয়া ও জামাল। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদের মধ্যে শান্ত বড়ুয়া (২৪) নগরীর আকবর শাহ ‍নুরিয়া মাদ্রা এলাকার আশিক বড়ুয়ার ছেলে এবং জামাল (৩৫) নগরীর ঝাউতলা ওয়ারলেস কলোনির আমির হোসেনের ছেলে। তবে তারা কে কার অনুসারী সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম-১০ আসন গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে। সেখানে এবার মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৮০৩জন। এই আসনে ভোটকেন্দ্র ১৪৮টি এবং ভোট কক্ষ ১০৫৭টি।

ভোটে লড়েন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম (ফুলকপি), আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ (কেটলি), তৃণমূল বিএনপির ফেরদাউস বশির (সোনালী আঁশ), জাসদের আনিসুর রহমান (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি) ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল। 

প্রচারণার চলার সময় আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।

পুরনো খবর:

চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২