চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
পুলিশ বলছে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে।
চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্রের প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়েছে; এতে দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ হয় বলে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ জানান।
গুলিবিদ্ধ দুজন হলেন নগরীর আকবর শাহ নুরিয়া মাদ্রা এলাকার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) এবং ঝাউতলা ওয়ারলেস কলোনির আমির হোসেনের ছেলে জামাল (৩৫)।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি নেয়ামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।”
এ ঘটনায় ভোটকেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, ভোট কেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে আহত দুজন কার সমর্থক তা জানা যায়নি।
পাহাড়তলী-ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে এবার ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৮০৩ জন।
আসনটিতে এবার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম (ফুলকপি), আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ (কেটলি), তৃণমূল বিএনপির ফেরদাউস বশির (সোনালী আঁশ), জাসদ এর আনিসুর রহমান (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি) ও জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা (লাঙল)।
