ওসির সঙ্গে রুমিনের বাদানুবাদ, বললেন ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’
“উনি যে ব্যবহার আমার সঙ্গে করেছেন, সেটা নির্বাচিত এমপির সঙ্গে করা যায় না,” বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এ সংসদ সদস্য।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার রাতে থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে।
সেখানে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, “আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত।
সংসদ সদস্যের লোকজন অভিযোগ করেছেন, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে রুমিন ফারহানা নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি।
নিরাপত্তা না দেওয়ার কারণ এবং ওসির বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে যাওয়া এক ব্যক্তি ওসির বিরুদ্ধে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। ওসি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “সংসদ সদস্য রুমিন ফারহানা শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে আজেবাজে কথা বলার জন্য নিয়ে আসেন।
“উনি বলেছেন, আমি ইটভাটা থেকে টাকা নিই। হাওরে সব ইটভাটা পানির নিচে। আর আমরা পূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলাম। ব্যক্তিগতভাবে উনার সঙ্গে পুলিশের একটি দল রাখা কঠিন ছিল।”
সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “ওসি বলেছেন, উনি তো নির্বাচিত এমপি, উনার নিরাপত্তা মানুষ দেবে। এজন্যই মানুষ যা দেখছেন, ওরা আমার নিরাপত্তা দিচ্ছে। আমার তো নিরাপত্তা লাগবে।”
ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটা ও ইটভাটা থেকে টাকা নেওয়াসহ বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবি করেন রুমিন ফারহানা।
তিনি বলেন, “এলাকাটা দাঙ্গাপ্রবণ। দাঙ্গা হওয়ার পরে যখন সব শান্ত হয়, তখন উনারা যান। এ বিষয়গুলোই আমি আজ জানতে এসেছিলাম। উনি যেই ব্যবহার আমার সঙ্গে করেছেন, সেটা একজন নির্বাচিত এমপির সঙ্গে করা যায় না।”
