২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ হাজার ইয়াবা পাচারে যুবকের যাবজ্জীবন

২০২০ সালে ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে ধরা পড়েছিলেন আয়াছ।

২৪ হাজার ইয়াবা পাচারে যুবকের যাবজ্জীবন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 09:26 PM

Updated : 11 Jun 2023, 09:26 PM

তিন বছর আগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ২৪ হাজার ইয়াবাসহ ধরা পড়া এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার রোববার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মোহাম্মদ আয়াছ কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার আবুল কালামের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।”

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৪ মে নগরীর যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে থেকে আয়াছকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের তৎকালীন পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।  

২০২২ সালের ৬ মার্চ মোহাম্মদ আয়াছের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন বিচারক।