নারায়ণগঞ্জে ৩৮ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় যুবকের যাবজ্জীবন
২০২২ সালের ১৮ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় করা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানিয়েছেন।
দণ্ড পাওয়া ৩০ বছর বয়সি আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদের মো. তৈয়বের ছেলে।
মামলা থেকে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারি সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩৮ হাজার ২০০ ইয়াবা জব্দ করে পুলিশ। জব্দ ইয়াবার বাজারমূল্য প্রায় এক কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা ছিল।
পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। একই বছরের ৩১ মার্চ প্রাইভেট কার চালক আলমগীরকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সামাদ।
