২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ওয়ার্ড সম্মেলনে অংশ নিল আওয়ামী লীগের ২ পক্ষই

এর আগে দুটি ওয়ার্ডে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের বাদ দিয়ে সম্মেলন আয়োজনের অভিযোগ তোলা হয়েছিল।

চট্টগ্রামে ওয়ার্ড সম্মেলনে অংশ নিল আওয়ামী লীগের ২ পক্ষই

জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 11:34 PM

Updated : 01 Apr 2023, 11:34 PM

 ওয়ার্ড সম্মেলন নিয়ে নগর আওয়ামী লীগের বিরোধ প্রকাশ্যে আসার পর এবার একটি ওয়ার্ডের সম্মেলনে দুই পক্ষের নেতারাই অংশ নিলেন।

শনিবার চট্টগ্রাম নগরীর সরকারি ন্যাশনাল মডেল প্রাইমারি স্কুল প্রাঙ্গণে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হয়।

এতে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর কমিটির সহ সভাপতি জহিরুল আলম দোভাষ ডলফিন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ মার্চ বাগমনিরাম ওয়ার্ডে এবং ২০ মার্চ আন্দরকিল্লা ওয়ার্ডের সম্মেলন হয়। ওই দুটি ওয়ার্ডে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের বাদ দিয়ে সম্মেলন আয়োজন হয় বলে অভিযোগ করেন এক পক্ষের নেতারা।

ওয়ার্ড সম্মেলন নিয়ে তাদের আপত্তির কথা তখকন কেন্দ্রকে জানাবেন বলেও মন্তব্য করেন নগর কমিটির জ্যেষ্ঠ নেতারা। এরপর ২৩ মার্চ এক অনুষ্ঠানে আ জ ম নাছির বলেছিলেন, সাংগঠনিক বিষয়ে মতভিন্নতা থাকলে দলীয় ফোরামে যেন তা নিয়ে আলোচনা করা হয়।

তিন দিনের মাথায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় জুলাইয়ের মধ্যে ওয়ার্ড ও থানার সম্মেলন শেষ করার ঘোষণা দেন নাছির।

এর পাঁচ দিন পর হওয়া জামালখান ওয়ার্ডের সম্মেলনের প্রথম অধিবেশনে দুই পক্ষের নেতাদেরই এক মঞ্চে দেখা গেল।

শনিবার বিকালে হওয়া এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে আবুল হাসেম বাবুল সভাপতি ও মিথুন বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয় বলে জানান নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

সম্মেলনের প্রথম অধিবেশনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “আমাদের প্রতিপক্ষ ৭১ এর স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের দুর্ভাগ্য তাদেরকে আমরা নির্মূল করতে পারি নাই। এই সত্যটুকু মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। এই এগুনোর পথে তৃণমূল নেতাকর্মীরাই আমাদের চালিকাশক্তি।”

নাছির বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন দেশের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা কল্পনাও করতে পরিনি প্রমত্ত পদ্মার উপর সেতু হবে, মেট্রোরেল হবে, এমনকি কর্ণফূলীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ হবে।”

পুরনো খবর:

জুলাইয়ের মধ্যে ওয়ার্ড-থানা সম্মেলন শেষ করার ঘোষণা নাছিরের
ভিন্ন মত থাকলে দলীয় ফোরামে বলুন: নাছির
ওয়ার্ড সম্মেলনের সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগে বিভেদও জেগে উঠল

নওফেল বলেন, “বিএনপি-জামাত ক্ষমতায় যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া আছে, তাতে না গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে সহজ সরল রাস্তাটি রয়েছে- সেই পথে না গিয়ে উল্টো পথে চলা শুরু করেছে। কেননা তারা জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন।”

সিডএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম বলেন, “সত্যিকার অর্থে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ। এই ঐক্যের যাতে বিনাশ না ঘটে। আশা করি, জামালখান ওয়ার্ড এই ঐক্যের শক্তিকে বিশ্বাস করে। এই ঐক্যের ভিত্তিতে যারা দায়িত্বপ্রাপ্ত হলেন, তারা জনগণের মাঝে নৌকা প্রতীককে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করবেন।”

সম্মেলনে নগর কমিটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।