প্রথম দিনে গণ্ডগোল না হওয়ায় পরদিনের কর্মসূচি বিএনপির: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, “বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা সেটি আবার প্রমাণ করেছে।”
বিএনপি যে ‘সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেছেন, শুক্রবারে দলটির মহাসমাবেশে কোনো গণ্ডগোল না হওয়ায় পরের দিন অবস্থান কর্মসূচি দিয়েছিল দলটি।
রোববার চট্টগ্রামের দোস্ত বিল্ডিং চত্বরে জেলা আওয়ামী লীগের এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা সেটি আবার প্রমাণ করেছে। গত শুক্রবারের প্রোগ্রামে গণ্ডগোল কেন হল না সেজন্য বিএনপি নেতাদের ওপর চটেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ্ডগোল করার উদ্দেশে পরদিন ঢাকা শহরের প্রবেশ মুখগুলোতে অবস্থান ধর্মঘট অর্থাৎ অবরুদ্ধ করার কর্মসূচি ঘোষণা করেন তারা।
“তারেক জিয়া নিজে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাদের ফোন করে নির্দেশ দিচ্ছে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার জন্য। পুলিশের ওপর আক্রমণ করার জন্য। সেই প্রমাণ আমাদের হাতে আছে। বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মত আবারও পেট্রল বোমা বাহিনীকে মাঠে নামিয়েছে, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে।”
বিএনপির ‘অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার’ প্রতিবাদে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, “আপনারা দেখেছেন বিএনপি নেত্রী নিপুণ রায়ের অডিও বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছে। আবার বলছে, এটা একটু ভিডিও করে রাখেন, জায়গা মতো পাঠাতে হবে। অর্থাৎ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠাতে হবে।”
নির্বাচনে ঘনিয়ে আসার মধ্যে শুক্রবার ঢাকায় দুই প্রধান রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা ছড়ালেও তা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল। তবে তার এক দিন বাদেই পাল্টাপাল্টি কর্মসূচি সংঘাতে রূপ নেয়।
শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি থেকে সংঘাতে আহত হয়েছেন ডজনখানেক ব্যক্তি, পোড়ানো হয়েছে অন্তত তিনটি বাস, ভাংচুর হয়েছে আরও গাড়ি।
দলের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের বাকি মাত্র কয়েক মাস। আমরা আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত রাজপথে নেমেছি রাজপথেই থাকব। আগুন সন্ত্রাসীদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করব।”
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সহসভাপতি আবুল কাশেম চিশতি, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম বক্তব্য দেন।
