২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সকালে আমেরিকানদের গালি, বিকালে ফুলের তোড়া নিয়ে হাজির’

খালেদা জিয়া, তারেক রহমান আর জোবায়দা রহমানের পর সরকার এখন তারেকের মেয়ে জাইমা রহমানকে নিয়েও উঠেপড়ে লাগবে কিনা সেই প্রশ্ন রাখেন খসরু।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 08:33 PM

Updated : 04 Aug 2023, 08:33 PM

আওয়ামী লীগ সকালে আমেরিকানদের গালি দিয়ে বিকালে ফুলের তোড়া নিয়ে হাজির হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকালে কাজীর দেউরী নুর আহম্মেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন। 

বিএনপি নেতা খসরু বলেন, “আমেরিকার রাষ্ট্রদূত আওয়ামী লীগের অফিসে গেছেন। আওয়ামী লীগের নেতারা রাষ্ট্রদূতকে ফুলের তোড়া নিয়ে, ৩২টি দাঁত দেখিয়ে, কি খুশি। একটি দেশের রাষ্ট্রদূত গেছে, এভাবে ফুলের তোড়া দিয়ে, হাসি খুশি, মনে হয় জীবনে আর দেখেনি।”

বিএনপি কার্যালয়ে রাষ্ট্রদূতরা গেলে তাদের এভাবে বরণ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ সকালে আমেরিকানদের গালি দেয়, বিকালে ফুলের তোড়া নিয়ে হাজির হয়। পরের দিন আবার যখন তারা বুঝে যায়, আমেরিকানরা তাদের গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী, ভোট চুরির বিরোধী… আবার তারা তাদের গালি দেয়।”

গত বৃহস্পতিবার সাকলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

সাবেক মন্ত্রী আমীর খসরু আরও বলেন, “বিএনপি নাকি বিদেশিদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে দেয়। তাহলে আপনারা ফুলের তোরা নিয়ে ওখানে কি গলাতে গিয়েছিলেন?

“আবার বের হয়ে এসে সুখবর দিচ্ছে রাষ্ট্রদূত এটা বলেনি, ওটা বলেনি। কি আনন্দ! তাহলে কে নাক গলালো? ফুলের তোড়া নিয়ে নাক গলাতে হয়? এই হচ্ছে আপনাদের দূরাবস্থা।” 

খালেদা জিয়া, তারেক রহমান আর জোবায়দা রহমানের পর সরকার এখন তারেকের মেয়ে জাইমা রহমানকে নিয়েও উঠেপড়ে লাগবে কিনা সেই প্রশ্ন রাখেন খসরু।

বিএনপি বিতাড়িত করার রাজনীতিতে নয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী মন্তব্য করে আমীর খসরু বলেন, “আপনারা কিভাবে যাবেন ঠিক করেন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে যাবেন নাকি জনগণ আপনাদের বিতাড়িত করবে?

“শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও নির্বাচন। এই কাজটাতে বিএনপি বিশ্বাস করে। এই কাজটা যদি আপনি করেন তাহলে খুব ভালো। আর যদি না করে গত নির্বাচনের মতো রাতের আঁধারে ভোট চুরি করে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন এবার কিন্ত প্রতিবাদ নয় প্রতিরোধ করব।”

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে এ প্রতিবাদ সভায় মহানগর কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।