২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীর ২ আড়তেই মিলল ২৬১ বস্তা চিনি

দোকানের সামনে মূল্য তালিকায় ছিল না চিনির দাম, অথচ গুদামে মজুদ ছিল বস্তার পর বস্তা।

পাহাড়তলীর ২ আড়তেই মিলল ২৬১ বস্তা চিনি

পাহাড়তলী বাজারে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 07:40 PM

Updated : 26 Oct 2022, 07:40 PM

আড়তে মূল্য তালিকায় অন্য সব পণ্যের দর লেখা থাকলেও ছিল না চিনির নাম। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পেছনে গুদামে গিয়ে পেলেন বস্তা বস্তা চিনি।

বাজারে চিনির সঙ্কটের মধ্যে চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি বাজার পাহাড়তলীতে গিয়ে এমন মজুদ দেখতে পেয়ে জরিমানা করা হয়েছে দুটি দোকানকে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ফারুক ট্রেডিং ও উত্তরবঙ্গ ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানে ২৬১ বস্তায় মোট ১৩ হাজার ৫০ কেজি চিনি মজুদের প্রমাণ পাওয়া গেছে। তাদের জরিমানা করা হয়েছে।

বুধবারের এই অভিযান পরিচালনাকারী অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারুক ট্রেডিংয়ে চাল, ডাল ও ময়দা বিক্রির মূল্য তালিকা ছিল। কিন্তু তাদের দোকানের পেছনে গুদামে ১৮১ বস্তা চিনি পাওয়া যায়।

“এসব চিনি তারা ১৯ অক্টোবর কিনেছে, কিন্তু আজ পর্যন্ত মাত্র ৩ বস্তা চিনি বিক্রি করেছে। মূল্য তালিকায় তারা চিনির দাম ‍উল্লেখ করেনি। চিনি বিক্রিও করছিল না।”

পুরনো খবর:

বাজারের চিনি গেল কোথায়?
চিনির সঙ্কটের ৩ কারণ দেখালেন ব্যবসায়ীরা

উত্তরবঙ্গ ট্রেডিংয়ের গুদামেও ৮০ বস্তা চিনির সন্ধান পাওয়া যায় বলে জানান তিনি। এসব বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে চিনি ছিল।

নাসরিন বলেন, “পাহাড়তলী বাজার সমিতির সভাপতিসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানকেই মজুদ না করে এসব চিনি পাইকারিতে নির্ধারিত দরে অবিলম্বে বিক্রি করার নির্দেশনা দিয়েছি।”

চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা এবং উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।