২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকের টাকা আত্মসাতের অভিযোগে দোকান কর্মচারী গ্রেপ্তার

আত্মসাতের ছয় লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 11:24 PM

Updated : 08 Oct 2023, 11:24 PM

অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ার নাটক সাজিয়ে মালিকের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রহিম নামের ওই কর্মচারীর বাড়ি থেকে আত্মসাতের ছয় লাখ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

৩০ বছর বয়সী রহিম রানী রাসমনি ঘাট এলাকার ‘রাকিব ফিশ’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে রাকিব ফিশের মালিক মো. ইউসুফ ডবলমুরিং থানায় এসে তার কর্মচারী নিখোঁজের অভিযোগ করেন।

ওসি বলেন, “দোকান মালিক ইউসুফ থানায় এসে জানিয়েছে, তার প্রতিষ্ঠানের কর্মচারি রহিম বিকালে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে পাহাড়তলী বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ৬০ হাজার ৩০০ টাকা আদায় করতে যায়। কিন্তু রাত পর্যন্ত তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না।

“এসময় ইউসুফের কাছে টেলিফোন আসে, রহিম সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে কালুশাহ মাজার এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন ইউসুফ ও তার অপর এক সহকর্মী গিয়ে রহিমকে উদ্ধার করে এবং টাকার কথা জিজ্ঞাস করলে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ানোর কথা জানায়।”

ওসি ফজলুল কাদের জানান, রহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়েছিলেন। অভিযোগ পাওয়ার পর তার থানার এসআই ইমাম হোসেন তদন্ত শুরু করেন। বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ খুঁজতে খুঁজতে পাহাড়তলী থানার অলঙ্কার শপিং কমপ্লেক্সের সামনে একটি সিসি ক্যামেরায় একটি ফুটেজ দেখা যায়, ঘটনার দিন বিকালে হাতে ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবে রহিম পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।

হাসপাতাল থেকে আসার পর রহিমকে জিজ্ঞাসাবাদে সে অসংলগ্ন কথা বলছিলেন জানিয়ে ওসি ফজলুল কাদের বলেন, “এসময় তাকে আমরা মালিকের জিম্মায় রেখে খোঁজ খবর নেয়া অব্যাহত রেখেছিলাম। কিন্তু তার অসংলগ্ন কথার এক পর্যায়ে শনিবার মালিককে মামলা করার পরামর্শ দিয়েছি। মালিক মামলা করার পরই রহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

“এসময় সে টাকাগুলো ঘটনার দিন নোয়াখালীর চরজব্বার খানার চরমসজিদ এলাকায় তার গ্রামের বাড়িতে রেখে এসে কালুশাহ মাজার এলাকায় রাস্তার পাশে পড়ে থেকে অজ্ঞান হওয়ার অভিনয় করে এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালিককে ফোন করার বিষয়টি স্বীকার করে।”

ঘটনার দিন ছয় লাখ ৬০ হাজার ৩০০ টাকার মধ্যে কিছু টাকা রহিম নিজের কাছে রেখে বাকি টাকা বাড়িতে রেখে আসে বলে জানান ওসি।