চট্টগ্রামে নদীর তীরে মিলল কলেজ ছাত্রের মৃতদেহ
তার শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার চান্দগাঁও থানার কালুরঘাট সংলগ্ন পাঠানপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ২২ বছর বয়সী মো. শফিক চট্টগ্রামে কুয়াইশ কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর কাপাসগোলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করেন।
“প্রাথমিকভাবে সুরতহালে লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। হাতে ঘড়িও ছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।”
ওসি খায়রুল বলেন, রোববার রাতে শফিক বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানিয়েছেন তার মা। তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
