কোনো অর্থ পাচার করিনি, আদালতে নূরজাহান গ্রুপের এমডি
২০টির বেশি মামলা হওয়া রতনের সাজা একটির পর একটি কার্যকর হবে। যদিও সব সাজা একসাথে কার্যকর করার আবেদন করেছিলেন রতন। আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।
ছয় হাজার কোটি টাকার খেলাপি ঋণের মামলায় গ্রেপ্তার নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন রতনের দাবি তিনি কোনো অর্থ পাচার করেননি।
মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমানের আদালতে রতনকে হাজির করা হয়। সেখানে তিনি এ দাবি করেন।
আদালত দেশের অন্যতম শীর্ষ ঋণ খেলাপি রতনের বক্তব্য শুনতে চাইলে তিনি তার ব্যবসা, ঋণ গ্রহণ, পরিশোধ করতে না পারাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
রতনের আইনজীবী এবং খেলাপির টাকা ফেরত চেয়ে মামলা করা কয়েকটি ব্যাংকের আইনজীবী আদালতে তাদের বক্তব্য দেন। সবশেষে আদালত রায় হওয়া মামলাগুলোতে রতনের সাজা ভোগের আদেশ দেন।
২০টির বেশি মামলায় হওয়া রতনের সাজা একটির পর একটি কার্যকর হবে। যদিও সব সাজা একসাথে কার্যকর করার আবেদন করেছিলেন রতন। আদালত সেই আবেদন নামঞ্জুর করেন।
ঢাকার বাড্ডা থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ গত ২৮ ডিসেম্বর রতনকে গ্রেপ্তার করে। তখন পুলিশ জানায়, নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, পাহাড়তলী ও খুলশী থানায় রতনের বিরুদ্ধে ৬১টি মামলার পরোয়ানা আছে। যেগুলোর মধ্যে ২৬টি সাজা পরোয়ানা।
‘পুন:তফসিলের সুযোগ নেননি’
রতনকে আদালতের সামনে উপস্থাপন করা হলে বিচারক তার উদ্দেশ্যে বলেন, “এই আদালতে আপনার প্রতিষ্ঠানের যত মামলা আছে তাতে ব্যাংকগুলোর দাবি প্রায় ৮ হাজার কোটি টাকা। আপনি হয়ত বলবেন সেটা আরো কম।
“এখানে সাউথ ইস্ট ব্যাংকের চারটি মামলায় ১২০০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের ৬টি মামলায় ১৫০০ কোটি টাকা, রূপালী ব্যাংকের চারটি মামলার মধ্যে তিনটির রায় হয়েছে- এগুলোতে প্রায় ১০০০ কোটি টাকা, জনতা ব্যাংকের দুটি মামলায় প্রায় ৩০০ কোটি টাকা, আরও আছে। জনতা ও অগ্রণী ব্যাংকেরগুলোতে কোনো মর্টগেজও নেই।”
বিচারক বলেন, “এই আদালতে ইতিপূর্বে মামলায় আপনার ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিই। ইমিগ্রেশন পু্লিশ জানায়, আপনার স্ত্রী কানাডায়। আপনি হয়ত দেশেই ছিলেন, পুলিশ গ্রেপ্তার করেছে।
“গত ২ বছরে সেভাবে আইনজীবীর মাধ্যমেও আদালতে আপনার উপস্থিতি ছিল না। আপনি কি বলতে চান। কোনো প্রপার্টি আছে এখন?”
তখন রতনের আইনজীবী নুকবাতুল জুমার বলেন, “প্রপার্টি যা আছে সব মর্টগেজ।”
এসময় রতন বলেন, “আমি একসময় হাজার কোটি টাকা বছরে ট্যাক্স দিয়েছি। ব্যবসা করেছি, দেশের কাজ করেছি। ওয়ান ইলেভেনের সময় কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। আমাকে একজন কর্মকর্তা ডেকে নেন। পরে আরো একজন কর্মকর্তাসহ সেসময়ের সেনাপ্রধানের কাছে নিয়ে যান। আমরা নাকি দেশের ভোগপণ্যের বাজার নষ্ট করেছি।
“তারপর জোর করে আমাকে দিয়ে লাখ লাখ টন তেল প্রোডাকশন করিয়েছে দুই মাসের ভিতর। ১২৭০ ডলারের মাল কিনে এনেছি। ২-৩ মাসের ভিতর দেশের বাজারে দাম ৫০০ ডলার হয়ে যায়। ১ লাখ টনের উপর মাল ছিল। শুধু আমি না, তখন সবাই লস করেছে। লস কভার করতে আবার এলসি করেছি। ব্যাংক তখনও এলসি করতে দিয়েছে।”
রতন বলেন, “তখন হয়ত ব্যাংক আগের এলসির টাকা ফেরত চাইলে আমি এ পথে আগাতাম না। আগের ও পরের সুদ মিলে বড় অংক হয়ে গেছে। তারপর ডলার ক্রাইসিসের কারণে এক ব্যাংক থেকে ডলার কিনে আরেক ব্যাংককে দিতে হয়েছে। নতুনগুলো আপনারা দেখছেন। পুরনোগুলো দেখছেন না।”
এসময় বিচারক বলেন, “এখানে যত ডকুমেন্ট এসেছে মামলায়, সব ২০১১ সালের ও তার পরের। আপনার যে পরিমাণ খেলাপি, দেশের শীর্ষ ৫ ঋণ খেলাপির মধ্যে আপনার নাম থাকার কথা।
“বড় খেলাপিদের কথা বিবেচনায় নিয়ে রিশিডিউল করতে ২-৩% দিয়ে ১০ বছরের সময় দেয়া হয়েছে। সেখানেও প্রবেশ করেননি। আপনার বিরুদ্ধে অনেক চেকের মামলাও আছে।”
এরপর রতন বলেন, “আমার দুর্বলতা ছিল, সেটার সুযোগ অনেকে নিয়েছে। আমি কোনো টাকা পাচার করিনি। টাকা পাচার করলে দেশে থাকতাম না আজ। দেশের জন্য কাজ করেছি। নাম বলছি না এখানে, কয়েকটি ব্যাংক বেঈমানি করেছে।
“গত ১০-১২ বছরে মামলার জ্বালায় কোনো ব্যবসা করতে পারিনি। কিন্তু কর্মচারীদের বেতন ঠিক রেখেছি। নিজের খাওয়ার পয়সা ছিল না। আইনজীবী ছিল, হয়ত সঠিক জায়গায় নজর দিতে পারিনি। অর্থ পাচার করিনি স্যার। এলসি করেছি। শোধ করতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের শর্তে তখন লোকাল এলসি ছিল। সবাই করেছে। এরকম একটা এলসির জন্যও মামলা করেছে। আমি একা না। ইলিয়াস ব্রাদার্সেরও একই দশা। সবাই কি চোর?”
বিচারক বলেন, “আপনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। অনেক আদেশ দিয়েছি। কোর্টে কোনো প্রতিনিধি দেখিনি। এখানে যত মামলা আছে, সবচেয়ে বেশি দায় আপনার।”
‘আমি ওখানে ভালো আছি’
আদালতে জনতা ব্যাংকের আইনজীবী ড. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, “উনার বিরুদ্ধে এলসির মামলা। উনি বলছেন অর্ধেক দাম। সেই অর্ধেক টাকাও তো তিনি দেননি। তখন ওয়ান ইলেভেনের প্রশ্ন নেই।
“১০০ টাকা নিলে ২ টাকা ফেরত দেন, ৯৮ টাকা রাখেন। সে সুযোগ ছিল। সব সুযোগ রেখেছিলাম। আপনি মাল কিভাবে বিক্রি করবেন তার পার্ট ব্যাংক না।”
এক পর্যায়ে রতন বলেন, “আমাকে দিয়ে জোর করে এলসি করিয়েছে। এখানে নাম বলছি না, একটা ব্যাংক যে কাজ করেছে। তাদের দুজন ডিরেক্টর জড়িত ছিল। কেউ অপরাধ করলে শাস্তি হবে। হয়ত আমিও কোনো অপরাধ করেছি। তাই আজ আমার বিচার হচ্ছে।”
বিচারক বলেন, “ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতার অভাবের উদাহরণ এটি, শুধু এ ক্ষেত্রে নয় আরো নানা ক্ষেত্রে এটা দেখা গেছে। সব ব্যাংক দিয়েছে আর আপনি নিয়েছেন। এখানে একটি ব্যাংকের মামলায় সাজা দিয়েছি। তাদের যোগসাজশ প্রমাণিত, সেটা রায়েও বলেছি। এখন অনেকের বিরুদ্ধে দুদকও ব্যবস্থা নিচ্ছে।
“আমরা সিস্টেমের বিচার করতে এখানে বসিনি। আপনার মামলার বিচার করেছি। আপনাকে বিচারের আওতায় আনলাম। আগেই সাজা হয়েছে। আমার উপরেও আদালত আছে। প্রয়োজনে উনারা দেখবেন। আপনি কিছু এনেছেন? কোনো প্ল্যান আছে, কিভাবে টাকা ফেরত দেবেন? মোস্তফা গ্রুপ, এসএ গ্রুপ কিন্তু টাকা জমা দিচ্ছে।”
রতন আদালতে বলেন, “আমি স্যার দিতে (ফেরত) চেয়েছিলাম। কিন্তু ব্যাংক যেভাবে করেছে... আমি ওখানে (জেলে) ভালো আছি।”
সবশেষে বিচারক বলেন, “আপনার যেসব সাজা পরোয়ানা আছে, তা একের পর এক বলবৎ হবে। একসাথে নয়। আর যেগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলো জারি হবে৷”
পরে রতনের আইনজীবী নুকবাতুল জুমার সাংবাদিকদের বলেন, “উনার (রতন) অনুপস্থিতিতে মামলায় সাজা হয়েছিল। আজ আদালত উনার বক্তব্য জানতে চেয়েছেন। তিনি আদালতে বলেছেন বিজনেস ক্রাইসিসের কারণে ঋণ শোধ করতে পারেননি। কিছু ম্যান মেইড ক্রাইসিস ছিল, কিছু সেসময়ে রাষ্ট্রের ওয়েদারের কারণে হয়ত হয়েছে। তবে তিনি কোনো টাকা পাচার করেননি। পাচার করলে এতগুলো মামলার ইনভেস্টিগেশনে আদালতের নথিতে তা আসত।”
রতন কিভাবে ঋণের অর্থ শোধ করবেন জানতে চাইলে আইনজীবী বলেন, “এতদিন তিনি হয়ত হাইড ছিলেন। এখন যেহেতু আছেন, কোর্টে নিয়মিত বাকি মামলাগুলোতে আসবেন। তখন ব্যাংকের সাথে কথা বলতে পারবেন সেটার বিষয়ে।”
জনতা ব্যাংকের আইনজীবী ড. শফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঋণ পরিশোধের সুষ্পষ্ট কোনো পরিকল্পনা তিনি আদালতকে জানাতে পারেননি। বাংলাদেশ ব্যাংকের দেয়া রিশিডিউল সুবিধাও তিনি নেননি।
“বরং তিনি আদালতের কাছে সব সাজা একসাথে ভোগের আবেদন করেছেন। যাতে তিনি সাজা ভোগের পর মুক্তি পেয়ে যান। সেটা আদালত অ্যালাউ করেনি। উনার স্ত্রীর বিরুদ্ধেও আদালতের ডিক্রি আছে। তিনি কানাডায় আছেন। সদিচ্ছা থাকলে তিনি (রতন) ডাউন পেমেন্ট দিয়েও সলুশন করতে পারতেন।”
অগ্রণী ব্যাংকের আইন কর্মকর্তা নুরুল আমীন বলেন, “আমাদের চারটি মামলা ২৫৮৭ কোটি টাকার। ১০-১২ বছরে রিশিডিউল করার চেষ্টাও করেননি। তিনি জাতীয় সংসদে ঘোষিত তালিকার একজন শীর্ষ ঋণ খেলাপি। রায়ে আমরা সন্তুষ্ট।”
