চট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় ধরা সাব রেজিস্ট্রারসহ ৩ জন
এক আইনজীবীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালান দুদক কর্মকর্তারা।
চট্টগ্রামে এক আইনজীবীর কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক সাব রেজিস্ট্রার ও তার দুই সহযোগী।
মঙ্গলবার পাহাড়তলী সাব রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষের টাকাসহ তাদের আটক করা হয় বলে দুদক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওই তিনজন হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।
দুদক বলছে, চট্টগ্রামের একজন আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিলে ত্রুটি না থাকলেও তার কাজ আটকে রাখা হয়।
পরে ওই আইনজীবী চট্টগ্রামে দুদকের কার্যালয়ের হটলাইন নম্বরে ফোন করে আবদুস সোবহান, ফারুক ইসলাম ও রূপন দাশের বিরুদ্ধে ২ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন। পরে দুদক কর্মকর্তারা তাদের ধরতে কৌশলে অভিযান চালান।
