২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের বীর সেনানীদের স্মরণ করছে চট্টগ্রামবাসী

শনিবার ভোরের আলো ফোটার পরপর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের বার্তা দেয়া হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 12:31 PM

Updated : 16 Dec 2023, 12:31 PM

একাত্তরে যে বীর সেনানীদের রক্তের বিনিময়ে বাঙালী পেয়েছে নতুন দেশ, সেই বীরদের স্মরণ করছে চট্টগ্রামবাসী।

শনিবার ভোরের আলো ফোটার পরপর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের বার্তা দেয়া হয়।

এরপর নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে সশস্ত্র অভিবাদন জানান চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা।

এরপর চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাত্তরের বীর সেনানীদের।

এরপর একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ।

এরপর সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।

মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, জাতীয় পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফন্ট, স্বেচ্ছাসেবক লীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনগুলো শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।  

বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে, চট্টগ্রাম কলেজ মাঠে সিটি করপোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজন রেখেছে দিনব্যাপী।

নগরীর চেরাগী পাহাড় মোড়ে উদীচীর আয়োজনে ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে।