চট্টগ্রামে মা-মেয়েকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
২০১৫ সালের ৭ মে নাছিমা বেগম ও তার মেয়ে রিয়া আক্তার ফাল্গুনীকে ছুরি মেরে হত্যা করেন বেলাল হোসেন।
আট বছর আগে চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ায় মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মামলার আরেক আসামি টিটু সাহাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মন মিয়ার ছেলে। বেলাল নগরীর সদরঘাট থানার দারগার হাট রোডের নজরুল মঞ্জিলে ভাড়া থাকতেন।
রায় ঘোষণার পর বেলাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ডের সাজা পাওয়া বেলাল হোসেন নিহত নাছিমা বেগমের স্বামী শাহ আলমের খালাত ভাই। আর অন্য আসামি টিটু সাহা একটি জুয়েলার্সের কর্মচারি।
ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দিঘু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরো ছয় মাসের সাজা দিয়েছেন।
“খুনের পর বেলাল যে স্বর্ণ লুট করেছিল তা কিনে নিজের হেফাজতে রাখায় আরেক আসামি টিটু সাহাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সাজা দিয়েছেন আদালত।”
মামলার নথি থেকে জানা যায়, নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় মোবাশ্বের মিয়ার ছয় তলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন মো. শাহ আলম। নগরীর সদরঘাট রোডে ‘মক্কা-মদিনা’ নামে তার একটি খাসির মাংস বিক্রির দোকান ছিল।
ওই বাসায় শাহ আলম, তার স্ত্রী নাছিমা বেগম (৩৭), মেয়ে রিয়া আক্তার ফাল্গুনী (১০), শাহ আলমের শ্যালক আলাল ও শাহ আলমের দুই ছেলে থাকতেন।
২০১৫ সালের ৭ মে সকালে শাহ আলম দোকানে চলে যান। সকাল ৯টার দিকে তার দুই ছেলে স্কুলে যায়। তখন ঘরে ছিলেন নাছিমা ও মেয়ে রিয়া। সকাল পৌনে ১০টার দিকে শাহ আলমকে আলাল ফোন করে জানান নাছিমা ও রিয়া খুন হয়েছেন।
শাহ আলম ঘরে গিয়ে স্ত্রী-কন্যাকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরে থাকা ১ লাখ ১১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন সেট খোয়া গিয়েছিল।
ঘটনার পরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহ আলম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের দিন খোয়া যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে ২০১৫ সালের ২৭ মে পুলিশ বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। খুনের পর ওই বাসা থেকে নেয়া লুটের টাকায় কেনা বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রিও উদ্ধার করে পুলিশ।
খুন হওয়া নাছিমা বেগমের স্বর্ণালংকার বাকলিয়া ইসাহকের পুল এলাকায় জুয়েলার্সের কর্মচারী টিটু সাহার কাছে বিক্রি করেছিলেন বেলাল। পরে টিটুও গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বেলাল পুলিশকে জানান, শাহ আলমের বাসায় নিয়মিত আসা-যাওয়া করতেন। খুনের দুদিন আগে শাহ আলমের মাংসের দোকানে টিউবওয়েল ঠিক করতে গিয়েছিলেন বেলাল।
সেদিনই শাহ আলমের দোকান থেকে ছাগল জবাইয়ের একটি ছুরি নিয়ে পাশের ডাস্টবিনে লুকিয়ে রাখেন বেলাল। ঘটনার দিন সকালে শাহ আলমকে দোকানে বসা দেখতে পেয়ে ছুরি নিয়ে তার বাসার সামনে গিয়ে অপেক্ষা করেন।
শাহ আলমের দুই ছেলে স্কুলে যাওয়ার জন্য বের হলে দরজা খোলা পেয়ে বেলাল ওই বাসায় ঢোকেন। সেসময় নাছিমা রান্না ঘরে ছিলেন। তাকে দেখে নাছিমা এগিয়ে আসলে বেলাল ছুরিকাঘাতে নাছিমাকে খুন করেন। এরপর অন্য রুম থেকে রিয়া এগিয়ে এলে তাকেও খুন করেন।
খুনের পর বাসা থেকে লুট করা টাকা দিয়ে টিভি, ভিসিডি, সাউন্ডবক্স কিনে নিজের প্রেমিকাকে দিয়েছিলেন বেলাল।
এই মামলায় ২০১৫ সালের ২৫ অক্টোবর অভিযোগ দেয়ার পর ২০১৯ সালের ১৫ জুলাই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামি বেলাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।
