২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিখোঁজ শিশুর খোঁজে খালে তল্লাশি

মাদ্রাসা পড়ুয়া শিশুটি পাশের খালে পড়ে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

চট্টগ্রামে নিখোঁজ শিশুর খোঁজে খালে তল্লাশি

আলিফ আহম্মেদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 12:27 AM

Updated : 31 Aug 2023, 12:27 AM

চট্টগ্রামে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে খালে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শিশুটি বাকলিয়া সৈয়দ শাহ লেইনের যে মাদ্রাসায় পড়ে এবং থাকে, তার পাশেই রয়েছে একটি খাল। সেই কারণে খালে তল্লাশি হচ্ছে।

বুধবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস তল্লাশি শুরু করে, তবে শিশুটি মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ বলে পুলিশ জানিয়েছে।

নিখোঁজ শিশুটির নাম আলিফ আহম্মেদ (১০), সে চকবাজার ডিসি রোডের বাসিন্দা মো. রাসেলের ছেলে। সৈয়দ শাহ রোডর ‘মাদরাসা আজিজিয়া তাদবীরুল কুরাআন’ নামে একটি মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র সে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর থেকে শিশুটি মাদ্রাসা থেকে নিখোঁজ। কিন্তু তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ বুধবার দুপুরের পর থানায় জানিয়েছে।

ওসি বলেন, “সিসি ক্যামেরায় দেখা গেছে শিশুটি মঙ্গলবার বেলা ২টার দিকে মাদ্রাসার ছাদে উঠেছিল তার কাঁথা শুকানোর জন্য। সেখান থেকে নেমে আবার তার রুমে গিয়েছিল। ২টা ২৬ মিনিটে পুনরায় ছাদে উঠার দৃশ্য দেখা গেছে।

সবার সন্দেহ মাদ্রাসার পাশে লাগোয়া একটি খালে শিশুটি পড়ে নিখোঁজ হতে পারে। কিন্তু সেটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না, আবার আমরা তেমন কোন লক্ষণ পাচ্ছি না।”

তিনি বলেন, “সহপাঠীরা তাকে রুমে না পেয়ে তাদের ওস্তাদকে জানায়। পরে তারা সবাই মিলে খোঁজ করে না পেয়ে পরিবারকে খবর দেয়। রাতে তারা বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে আজ দুপুরে পুলিশের কাছে আসে।”

শিশুটি আগেও কয়েকবার মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে গিয়েছিল বলে জানান ওসি।

পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহের কারণে খালে খোঁজা হচ্ছে জানিয়ে ওসি বলেন, “খালটিতে তিন থেকে চার ফুট আবর্জনার স্তর জমেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তারা প্রথমে নামতে পারেনি। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আনা হয়েছে, তারা নালাটির আবর্জনা পরিষ্কার করছেন।”