রাজধানীতে পুলিশের তল্লাশি চৌকিতে পিস্তলসহ আটক ২
সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলছে পুলিশ।
ঢাকার মিরপুরে পুলিশের তল্লাশি চৌকিতে বিদেশি পিস্তলসহ ২ জন আটক হয়েছেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার শনিবার সন্ধ্যায় তাদের আটকের তথ্য দেন ।
আটককৃতরা হলেন- মশিউল আজম ও শান্ত ইসলাম।
পুলিশ কর্মকর্তা নাছের রিকাবদার বলেন, “মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে ছিল তল্লাশি চৌকিটি। বাইকে আসা দুজনকে সন্দেহজনক মনে হলে তাদের থামার সিগনাল দিয়েছিলেন পুলিশ সদস্যরা।
“ওরা সিগনাল উপেক্ষা করে সামনে চলে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তখনই তাদের ধাওয়া করে এবং সামনে থেকে কনস্টেবল খাইরুল দুজনকে একসঙ্গে ধরে ফেলেন। পরে ওই দুজনকে তল্লাশি করে মশিউলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি ছোট চাকু এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।”
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তার দাবি, মশিউল বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে জড়িত। যাদের কাছ থেকে চাঁদা নেন এমন বিভিন্ন লোকজনের নাম বলেছেন তিনি। মশিউলের নামে বিভিন্ন থানায় ৯টি এবং শান্তর নামে ৩টি মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।
আটকদের রাজনৈতিক পরিচয় আছে কিনা প্রশ্নে নাছের রিকাবদার বলেন, “যখনই কোন আসামিকে আমরা গ্রেপ্তার করি, ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পরিচয় জিজ্ঞাসাবাদ করি না। সে কোন দল করে বা কোন ধর্ম, কোন মতে বিশ্বাসী সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা শুধু দেখি তার অপরাধের ধরণ, সে কি কি অপরাধ করেছে এবং কি কি আইন ভঙ্গ করেছে।”
