২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা পেলে ফেরত দেন অটোরিকশা, না হয় বিক্রি

টাকা পেয়ে গাড়ি ফেরত দিলেও গাড়ির কাগজপত্র ফেরত দেওয়ার জন্য ফের টাকা দাবি করতেন রফিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 05:36 PM

Updated : 22 Dec 2023, 05:36 PM

চট্টগ্রামে চোরাই অটোরিকশা চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অটোরিকশা চুরি করেন। চাহিদামত টাকা দিলে অটোরিকশা ফেরত দেন, অন্যথায় বিক্রি করে ফেলেন। 

শুক্রবার নগরীর হালিশহর পানির কল এলাকা থেকে মো. রফিক ওরফে আলী (৫০) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তারের পর পতেঙ্গা এলাকা থেকে একটি চুরি করা অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। 

হালিশহর থানার ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে এসি মসজিদ এলাকা থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে বলে অভিযোগ করেন সাকিব হাসান নামের এক ব্যক্তি। তার ভাষ্য ছিল, চোরের দল তার কাছ থেকে এক লাখ টাকা দাবি করেছিল গাড়ি ফেরত দেবে বলে। 

“তিনি ২৫ হাজার টাকা পরিশোধ করার পরও গাড়ি ফেরত না দিয়ে টাকা দাবি করা ব্যক্তি মোবাইল বন্ধ করে দেন।”

ওসি জানান, বৃহস্পতিবার অভিযোগ পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার পানির কল এলাকা থেকে রফিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গাড়ি চুরির বিষয়টি স্বীকার করেন। তার দেয়া তথ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বিমান বন্দরগামী রাস্তায় একটি নির্জন স্থান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। 

পুলিশের দাবি, আলী পেশাদার সিএনজি অটোরিকশা চোর। তিনি বিভিন্ন এলাকায় মোটর সাইকেল কিংবা তার পরিচিত অটোরিকশা নিয়ে ঘুরে বেড়ান। যেসব অটোরিকশা রাস্তার পাশে রেখে চালক ভাত খেতে কিংবা মসজিদে যান সেগুলো টার্গেট করেন। 

সুযোগ বুঝে অটোরিকশাগুলো চুরি করে মালিক কিংবা চালকের নম্বরে ফোন করে টাকা দাবি করেন। 

পুলিশ কর্মকর্তা কায়সার হামিদ বলেন, রফিকের নির্দিষ্ট কোনো পেশা নেই। অটোরিকশা চুরিই তার মূল রোজগারের পথ। 

রফিকের চুরির প্রক্রিয়া জানিয়ে ওসি কায়সার হামিদ বলেন, “রফিক অটোরিকশা চুরির পর মালিক বা চালককে ফোন করে টাকা দাবি করেন। দাবি মত টাকা দিলে অটোরিকশাটি কোনো স্থানে রেখে এসে মালিককে ফোন গাড়ি নিয়ে যেতে বলেন। গাড়ি ফেরত দিলেও গাড়ির কাগজপত্র ফেরত দেওয়ার জন্য পুনরায় টাকা দাবি করেন।” 

রফিক পুলিশকে জানিয়েছেন, বুধবার চুরি করা গাড়িটির টাকা দিতে মালিক গড়িমসি করেছিলেন। ২৫ হাজার টাকা দিয়ে বাকী টাকা না দেওয়ায় তিনি মোবাইল বন্ধ করে অটোরিকশাটি লুকিয়ে রেখেছিলেন। 

ওসি জানান, রফিকের কাছ থেকে চুরি করা অটোরিকশাটির চালকের ড্রাইভিং লাইসেন্স এবং সাতটি সিম কার্ড জব্দ করা হয়েছে। 

ওসি কায়সার হামিদ বলেন, গ্রেপ্তার রফিকের কাছে আরও কিছু অটো কশা আছে। সেগুলো উদ্ধার করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন দেয়া হয়েছে। রোববার আদালত শুনানির দিন রেখেছে।