ফিলিস্তিনে হামলা: চট্টগ্রামে আওয়ামী লীগের জমায়েত
“যারা জোর গলায় মানবাধিকারের কথা বলেন, তাদের ইন্ধন ও প্রশ্রয়ে সারাবিশ্বে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এখনো হচ্ছে,” বলেন নওফেল।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ঘটনায় বিএনপি ও তাদের সহযোগী ধর্মভিত্তিক দলগুলোর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চট্টগ্রাম আওয়ামী লীগের এক জমায়েত থেকে।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার নিন্দাও জানানো হয়েছে। বলা হয়েছে গাজায় হামলার দায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বহন করতে হবে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুসাফিরখানা জামে মসজিদে 'ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল' এর আয়োজন করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “বলতে লজ্জা লাগে, এরা (যুক্তরাষ্ট্র) এখন মানবাধিকার ও গণতন্ত্রের জন্য গলাবাজি করে। এমনকি তৃতীয় বিশ্বের অনেক স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়েও অবাঞ্ছিত হস্তক্ষেপ করে থাকে। এদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি হলেও পরাশক্তির ভয়ে আমাদের দেশের ইসলাম প্রিয় রাজনৈতিক দলগুলো রহস্যজনক নীরবতা পালন করে যাচ্ছে।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টির জন্য বিশ্বনেতাদের তাগিদ দিয়ে মানবাধিকারের প্রতি প্রাণভরা সমর্থন ও দরদ প্রকাশ করেছেন।"
আওয়ামী লীগ নেতা বলেন, “ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় মানবতাবিরোধী গণহত্যা চলছে। বিশ্ববাসী জানে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এই অপকর্মের প্রত্যক্ষ সহযোগী ও ইন্ধনদাতা।
“এই অপশক্তি ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার সময়েও তাদেরকে অস্ত্র ও সামরিক সহায়তা করে মানবতাবিরোধী জঘন্য অপরাধের কলঙ্কজনক কালো অধ্যায়ের রূপকার হিসেবে কলকাঠি নেড়েছে।"
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “যারা জোর গলায় মানবাধিকারের কথা বলেন, তাদের ইন্ধন ও প্রশ্রয়ে সারাবিশ্বে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এখনো হচ্ছে।
“এটা কথিত সভ্য দেশগুলোর ললাটে কলঙ্কের চিহ্ন হয়ে আছে। এই চিহ্ন মুছতে হলে তাদেরকে মানবাধিকার লঙ্ঘনের দায় স্বীকার করে প্রায়শ্চিত্ত করতে হবে।"
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল এবং ফিলিস্তিনিদের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন যুগিয়ে আসছে। অথচ আমাদের দেশের যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত বিএনপি নামক দলটি ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এখনো নিশ্চুপ রয়ে গেছে।"
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপপ্রচার সম্পাদক শহিদুল আলম।
