চট্টগ্রামে ডেঙ্গুতে নারী ও শিশুর মৃত্যু
জেলায় একদিনে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮০ জন।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এদের চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা হলো ৪১ জন।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, এই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৮০ জন।
প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গুতে মারা যাওয়া শিশু আবদুল্লাহ আতহার আহমেদ (আড়াই বছর) সীতাকুণ্ড উপজেলার বিএম ডিপো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে শুক্রবার শিশুটি মারা যায়।
অন্যদিকে মারা যাওয়া মরিয়ম বেগম (৪০) ছিলেন খাগড়াছড়ির বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তিনিও শুক্রবার মারা যান।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন। ২০২২ সালে পুরো বছরে ডেঙ্গুতে ৪১ জন মারা গিয়েছিল।
এ বছর এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ১৬ জন শিশু, ১৪ জন নারী ও ১১ জন পুরুষ। চলতি বছর গত জুলাই মাসে সর্বোচ্চ ১৬ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল। চলতি অগাস্ট মাসের প্রথম ১৭ দিনেই মারা গেল ১৬ জন।
শনিবার পর্যন্ত জেলা সরকার- বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
