০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২২

হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১০২৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 06:10 PM

Updated : 04 Oct 2026, 06:10 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের শরীরে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১০২৩ জনে।

আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০২ জনের। সেই হিসাবে হামে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে, হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৬৫ জন মারা গেছে ঢাকা বিভাগে।

এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮৬, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৬ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, গত একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২১৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে ১ হাজার ১২২ জন ভর্তি হয়েছে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩২৬ জন, চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১২৭, বরিশালে ১২৭, খুলনায় ৭৫, ময়মনসিংহ ১০৯, রাজশাহীতে ২০ ও রংপুরে ৬০ জন।

বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

এদিকে হাম উপসর্গে রোগীর সংখ্যা দাড়াল ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। যার মধ্যে ২১ হাজার ৭৪৮ জন রোগীর শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম এবং এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।