২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের ডিলারের টাকা ছিনতাইয়ে সাবেক কর্মচারী

ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের টাকা বহনকারী দুই ব্যক্তির ছবি সরবরাহ করেছিল ওই যুবক; ঘটনার সময়ও আশেপাশেই ছিলেন বলে জানায় পুলিশ।

মোবাইল ফোনের ডিলারের টাকা ছিনতাইয়ে সাবেক কর্মচারী

গ্রেপ্তার মুসলিম উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো

Published : 28 Jul 2023, 07:02 PM

Updated : 28 Jul 2023, 07:02 PM

চট্টগ্রামে মোবাইল ফোনের ডিলার প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ওই প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী।

শুক্রবার ভোরে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ থেকে মুসলিম উদ্দিন (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুসলিম উদ্দিন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। আগে প্রেপ্তারদের জবানবন্দিতে তার নাম এসেছে।

পুরনো খবর:

ছিনতাইয়ের পর প্রতিবাদে সোচ্চার ‘ছিনতাই চক্রের হোতা’
চট্টগ্রামে দুইজনকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ঘটনার পর আত্মগোপনে থাকা মুসলিমকে এদিন ভোরে গ্রেপ্তার করে ২০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান রুবেল।

অভিযানে থাকা কোতোয়ালী থানার এসআই মোমিনুল হাসান বলেন, গ্রেপ্তার মুসলিম এ ছিনতাই ঘটনার অন্যতম হোতা। তিনি ওই মোবাইল ডিলারের দোকানে কর্মচারী ছিলেন। মূলত তার তথ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

“মুসলিম মোবাইল ডিলার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন। ‍পুলিশ তথ্য পেয়েছে, টাকা বহনকারী দুইজনের ছবি ছিনতাইকারীদের সরবরাহ করা ছাড়াও ঘটনার সময় সে আশপাশেই ছিল।”

মুসলিম উদ্দিন ছিনতাইয়ের আগে একরামুলসহ আরও একজনের সঙ্গে বসে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন বলে জানান এসআই মোমিনুল।

গত ৯ জুলাই দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আমতল এলাকায় নূর এন্টারপ্রাইজের দুই কর্মীকে মারধর করে ব্যাগসহ ৯ লাখ ৮০ হাজার ছিনিয়ে নেয় একদল যুবক।

টাকা নিয়ে তারা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন বলে ওই দোকানের মালিক জানিয়েছিলেন।

ঘটনার একদিন পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. একরামুল আলম (৩৭), সাহেদ হোসেন মনা (২৪), মো. ইয়াছিন ওরফে এরফান (২৪) ও রবিউল হোসেন ওরফে ইকবাল হোসেনকে (২৩) গ্রেপ্তার করে ছিনতাই হওয়া সাত লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।