১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের দিন গোলাগুলি: সংসদ সদস্য বাচ্চুর স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

ভোটের দিন গোলাগুলি: সংসদ সদস্য বাচ্চুর স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে সংঘর্ষের সময় একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 11:03 PM

Updated : 11 Jan 2024, 11:15 PM

নির্বাচনের দিন নগরীর পাহাড়তলি কলেজ কেন্দ্রের আশপাশে গোলাগুলির ঘটনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর স্ত্রীসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেছেন আহত এক ব্যক্তি।

বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন শান্ত বড়ুয়া ওরফে পুনাম বড়ুয়া।

আদালত অভিযোগটি গ্রহণ করে তা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের পেশকার তারিকুল ইসলাম।

তিনি জানান, ভোটের দিনের ঘটনায় এ মামলা হয়েছে।

ভোটের দিন পাহাড়াতলি কলেজ কেন্দ্রে গুলির ঘটনায় আহত দুজনের একজন শান্ত। তিনি নগরীর ওমরগণি এমইএস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মামলার আর্জিতে তিনি নিজেকে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থক বলে উল্লেখ করেছেন।

আসামিরা হলেন- চট্টগ্রাম-১০ আসনের নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর স্ত্রী জিনাত মহিউদ্দিন, পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল, মাহমুদুর রহমান, মো. কামাল ও রাবেয়া মুন্নী মেরি।

আসামিরা সবাই চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত।

মামলার বিষয়ে জানতে বাদী শান্ত বড়ুয়ার মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন নগরীর পাহাড়তলি কলেজ কেন্দ্র এলাকায় গোলাগুলির ঘটনায় শান্ত বড়ুয়া ও জামাল নামের দুজন গুলিবিদ্ধ হয়।

চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়, ভোটের দিন পাহাড়তলি কলেজ কেন্দ্র থেকে মনজুর আলমের সমর্থকদের চলে যেতে বলে মহিউদ্দিন বাচ্চুর অনুসারীরা। এসময় বাচ্চুর অনুসারীরা গুলি ছুঁড়লে তিনি গুলিবিদ্ধ হন। এরপর অন্য আসামিরা তাকে মারধর করেন।

গুলি করে গুরুতর জখম করা, হত্যার হুমকি ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়।

এর আগে একই ঘটনায় আরেক গুলিবিদ্ধ রিকশাচালক জামাল এর স্ত্রী বাদী ঘটনার পরদিন নগরীর খুলশী থানায় আরেকটি মামলা করেছিলেন।

সেই মামলায় গ্রেপ্তার শামীম আজাদ, পাহাড়তলি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও তার স্ত্রী রুমানা চৌধুরীকে আসামি করা হয়।

সংঘর্ষের ঘটনায় পিস্তল উঁচিয়ে থাকা শামীম আজাদকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।