সহকর্মীকে হত্যায় চট্টগ্রামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নগরের বন্দর থানাধীন বন্দর টিলা এলাকায় ২০১১ সালের ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় একটি সিগারেট বিক্রয়কারী কোম্পানির কর্মকর্তা বজলুর রহমান করিমকে ছুরিকাঘাতে হত্যা করেন একই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ কর্মচারী মো. কাওছার।
এক যুগ আগে নগরীতে সহকর্মীকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত।
সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেয়।
দণ্ডিত মো. কাওছার (৪২) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এবি সিদ্দিকের ছেলে।
অতিরিক্ত মহানগর পিপি কানু রাম শর্মা কানু রাম শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি কাওছারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
“রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার নথি থেকে জানা যায়, নগরের বন্দর থানাধীন বন্দর টিলা এলাকায় ২০১১ সালের ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় একটি সিগারেট বিক্রয়কারী কোম্পানির কর্মকর্তা বজলুর রহমান করিমকে ছুরিকাঘাতে হত্যা করেন একই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ কর্মচারী মো. কাওছার।
ঘটনার আগের দিন প্রতিষ্ঠানের একটি ব্যাগ, ছাতা ও কিছু সিগারেট চুরি করেছিলেন কাওসার।
পরদিন কাওছারের কাছ থেকে চুরির পণ্য উদ্ধার হলে প্রতিষ্ঠানের ম্যানেজারের উপস্থিতিতে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এতে ক্ষিপ্ত কাওছার অফিস ছুটির পর নেভি কলোনি ২ নম্বর সড়কে নিজেদের অফিসের সামনেই বজলুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন।
এই ঘটনায় নিহত বজলুর রহমানের স্ত্রী পারভীন বাদী হয়ে মামলা করেন। ঘটনার সময়ই স্থানীয়রা কাওছারকে আটক করেছিল।
এ মামলায় ২০১১ সালের ২৬ ডিসেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দেয়া হলো।
