২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাদের পানির ট্যাঙ্কে নারীর লাশ, স্বামী লাপাত্তা

অন্তত দুই দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 08:00 PM

Updated : 05 Nov 2022, 08:00 PM

সাত মাসের শিশুকে বাড়িওয়ালার কাছে দিয়ে থানায় ‘স্ত্রী নিখোঁজের’ জিডি করতে গিয়েছিলেন এক ব্যক্তি; পরদিন যখন বাসার ছাদের পানির ট্যাঙ্কে তার স্ত্রীর লাশ মিলেছে, তখন থেকে লাপাত্তা তিনি।

শনিবার বিকালে চটগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় ওই নারীর লাশ উদ্ধারের পর তার স্বামীর হদিস পাচ্ছে না পুলিশ।

নিহত সর্জিনা আক্তার (২০) নামের ওই নারীর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুরে। বন্দর টিলা আয়শার মার গলির খলিল হুজুর ভবনের পঞ্চম তলায় স্বামী-সন্তান নিয়ে থাকতেন তিনি।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, সর্জিনার স্বামী মো. হাসান নগরীতে রাজমিস্ত্রির কাজ করতেন। বেশ কিছুদিন ধরে তারা ভবনটিতে থাকতেন।

“দুই দিন আগে হাসান তার সাত মাস বয়সী শিশু সন্তানকে বাড়িওয়ালার কাছে রেখে তার স্ত্রী ঘরে আসলে তাকে দিতে বলে বের হয়ে যান। আবার শুক্রবার ইপিজেড থানায় স্ত্রী নিখোঁজের ডিজি করতে গিয়েছিলেন।

“দুপুরের (শনিবার) পর ছাদের পানির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়ালে অন্যান্য ভাড়াটিয়ারা বাড়িওয়ালাকে বলেন। এসময় ট্যাঙ্ক খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।”

সহকারী পুলিশ কমিশনার জানান, অন্তত দুই দিন আগে সর্জিনার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।