২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিসিবির গুদামে আগুন

“যে গুদামে আগুন লেগেছে সেখানে পলিথিন রাখা ছিল। ফলে ধোঁয়া হয়েছে বেশি।”

চট্টগ্রামে টিসিবির গুদামে আগুন

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 12:18 PM

Updated : 06 Apr 2023, 05:44 PM

চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংস্থাটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান জানান, তাদের ৪০ হাজার বর্গফুট গুদামের মধ্যে ২০ হাজার ফুট নিজেরা ব্যবহার করেন। বাকি জায়গা ‘রংডা’ নামে একটি জুতা তৈরির চীনা প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে।

সকালে ওই প্রতিষ্ঠানে আগুন লাগলেও টিসিবি’র কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

সহকারী পরিচালক হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার সাথে সাথে কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে তা নিভিয়ে ফেলেছিল। তবে সেখানে ধোঁয়া হয়েছিল বেশি।

তবে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ইপিজেড স্টেশনের কর্মকর্তা রায়হানুল আশরাফ বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে ওই গুদামে আগুন লাগার খবর পান তারা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

“যে গুদামে আগুন লেগেছে সেখানে পলিথিন, কাগজ ও রাবার জাতীয় কিছু পণ্য ছিল। ফলে ধোঁয়া হয়েছে বেশি।”

এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা আশরাফ বলেন, “ওই গুদামটি কারা ব্যবহার করত- সেটি আমরা জানি না। আমাদের প্রতিবেদনে আমরা টিসিবি’র গুদাম উল্লেখ করেছি। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।”

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আবসার জানান, রংডা নামে চীনা প্রতিষ্ঠানটিতে শ’খানেক শ্রমিক কাজ করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।