১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল থেকে চুরি যাওয়া শিশু ফেনীতে উদ্ধার

পাঁচ দিন বয়সী শিশুটিকে উদ্ধারের পাশপাশি দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 01:09 PM

Updated : 20 Dec 2023, 01:09 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুটিকে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে ফেনীর পরশুরাম থেকে পাঁচ দিন বয়সী শিশুটিকে উদ্ধারের পাশপাশি দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

গ্রেপ্তার দুজন হলেন- নাসিমা আক্তার (২৩) এবং তার মা খারু আক্তার (৪২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে মঙ্গলবার শিশুটিকে চুরি হয় বলে থানায় অভিযোগ করেন তার বাবা মো. নোমান। 

তিনি বলেন, “সকাল ৮টার দিকে আমার শ্বাশুড়ি যখন ওয়ার্ডে গিয়েছিলেন, তখন আমার মেয়ে বেডে ছিল। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড থাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। 

"বেলা ২টার পর ওয়ার্ডে গিয়ে বেডে আমার সন্তানকে না দেখে দায়িত্বরত নার্সদের জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারেনি।"

ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, বাবার অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন তারা। পাশাপাশি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে রাতেই ফেনীতে অভিযান চালান। ভোররাতে নাসিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

পুরনো খবর:

পুরানো খবর:

চট্টগ্রাম মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ