চট্টগ্রাম ওয়াইএমসিএর সুবর্ণজয়ন্তী উদযাপন
সংগঠনটির ৫০ বছর পূর্তিতে শোভাযাত্রা ও কেক কেটে দিনটি পালন করা হয়েছে।
প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করল খ্রিস্টান যুবকদের সংগঠন চট্টগ্রাম ওয়াইএমসিএ।
ইয়ং মেন‘স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন- ওয়াইএমসিএর ৫০ বছর পূর্তি উদযাপনে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠান হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে এদিন সকালে চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে মোটেল সৈকতে গিয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
এরপর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়; পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় অধিবেশনের আলোচনাসভা।
চট্টগ্রাম ওয়াইএমসিএ চেয়ারম্যান এমরোজ গোমেজের সভাপতিত্বে সভায় চট্টগ্রামে আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালায়েন্স অব ওয়াইএমসিএর ভাইস প্রেসিডেন্ট রেমন্ড আরেং, সাবেক প্রেসিডেন্ট মার্কুস গোমেজ, জাতীয় পরিষদের সভাপতি জনি হিউবার্ট রোজারিও, সাধারণ সম্পাদক নিপন সাংমা, চট্টগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ডেমিয়েন কুইয়ার বক্তব্য দেন।
বর্তমানে ১২০টি দেশে সম্প্রীতি বজায় রেখে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে ওয়াইএমসিএ; বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে ওয়াইএমসিএ সব সময় শিশু, যুবক এবং নারীদের পাশে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৯৭৩ সালে যাত্রা শুরু হয় চট্টগ্রাম ওয়াইএমসিএর।
