২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ভোটে আনা আওয়ামী লীগের কাজ না: তাজুল

“সব রাজনৈতিক দল ভোটে অংশ নেয় না। কোনো কোনো দল অংশ নেয়,” বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 04:02 PM

Updated : 14 Oct 2023, 04:02 PM

রাজনীতি করে মানুষের আশা পূরণ করতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ভোটে আসতে উৎসাহিত করা আওয়ামী লীগের ‘কাজ নয়’।

শনিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তাহলে তারা কীভাবে দাবি করে যে সুষ্ঠু ভোট হয়নি? তাদের নির্বাচনে আনা, এটা কি আমাদের দায়িত্ব?

“তারা আসুক বা না আসুক, এটা অনেক দেশেই ঘটে। এমনকি ইউএসএসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল ভোটে অংশ নেয় না। কোনো কোনো দল অংশ নেয়।”

মন্ত্রীর ওই বক্তব্যের পর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব কার?

জবাবে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, “আপনি তো রাজনীতি করেন মানুষের আশা পূরণের জন্য। তাহলে আপনি ক্ষমতায় না গেলে কী করে মানুষের আশা পূরণ করবেন? আপনাকে আসতে হবে নির্বাচনে। বিএনপি যদি জনগণের খেদমত করতে চায়, তাহলে জনগণের কাছেই আসতে হবে তাদেরকে। এখন জনগণের কাছে না এসে...

“এখন আমি কেন তাকে পারস্যু করব। আমি তো একটা রাজনৈতিক দল করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি সরকারের কথা বলছি না। সরকারে পক্ষ থেকে সরকার বহুবার নানা ইনিশিয়েটিভ নিয়েছিল।”

তাজুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল, নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। তারা নির্বাচনের আয়োজন করছেন। আপনারা আমরা সবাই মিলে ইলেকশন করব। যারা জিতে, তারা সরকার গঠন করবে। দেশের মানুষের আশা পূরণ করবে।

“আপনি আপনার নির্বাচনী ইশতেহারে বলেন মানুষের জন্য কী কী করবেন। আমরা তো ২০১৮ সালে বলেছিলাম, আমরা এই এই করব। এখনো সাধারণ মানুষের কাছে বলব আমরা কী কী করব।”

বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না– বিএনপির এই অবস্থানের বিষয়ে প্রশ্ন করলে তাজুল ইসলাম বলেন, “বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশনের অধীনে। প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

“আমরা প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার যত সদস্য আছি, আমরা সবাই থাকব নির্বাচন কমিশন যে সমস্ত নির্দেশনা দেবে সে সমস্ত নির্দেশনা পালন করবার জন্য। আর পুলিশ থেকে আরম্ভ করে যত প্রশাসন, সবাই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জাপানি রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি। বিশেষ অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তমোহিদে ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) বিষ্ণু কুমার সরকার।

রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় স্থাপিত এই প্রকল্পে কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে দিনে ১৪ কোটি ৩০ লাখ লিটার সুপেয় পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে।

২০২১ সালের মার্চের এই কেন্দ্রে উৎপাদন শুরু হয়। তবে তখন প্রয়োজন অনুসারে ৮-৯ কোটি লিটার পানি উৎপাদন করা হত। ২০২২ সালের মার্চে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

৪৪৮৯ কোটি টাকার এই প্রকল্পে জাইকার উন্নয়ন সাহায্য ২ হাজার ৮০০ কোটি টাকা। বাংলাদেশে সরকারের ১ হাজার ৬৬৫ কোটি টাকা এবং চট্টগ্রাম ওয়াসার বরাদ্দ ২৩ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ১৫ কোটি লিটার ক্ষমতা সম্পন্ন ইনটেক, দৈনিক ১৪ কোটি ৩০ লাখ লিটার উৎপাদন ক্ষমতার পানি শোধনাগার, ২ কোটি ৪৮ লাখ লিটার ও ৩০ লাখ লিটার ধারণ ক্ষমতার জলাধার এবং ৭০০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইনসহ পানি সরবরাহে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে ওয়াসার কর্মকর্তারা জানান, কর্ণফুলী পানি শোধনাগার ফেজ-২ থেকে এখন প্রয়োজন অনুসারে সর্বোচ্চ সক্ষমতায় পানি উৎপাদন করা হবে।

পুরনো খবর:

কর্ণফুলী যেন কোনোভাবে দূষিত না হয়: প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ওয়াসা এখন বলছে, উৎপাদন ক্ষমতা চাহিদার বেশি
৭০০ কিলোমিটার নতুন পাইপ বসাবে চট্টগ্রাম ওয়াসা