২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিসিবির তেল খোলাবাজারে বিক্রি, ডিলারসহ আটক ৪

আড়াই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 07:54 PM

Updated : 11 Jul 2023, 07:54 PM

চট্টগ্রামে বোতলের মোড়ক পাল্টে টিসিবির তেল খোলা বাজারে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিসিএসআইআর গবেষণাগারের অদূরে একটি দোকানে অভিযান চালিয়ে আড়াই হাজার লিটার সয়াবিন তেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- খোরশেদ আলম (৪০), আব্দুল সালাম (৪০), মো. নয়ন (২২) ও আল হাদীস (২৪)। তাদের মধ্যে খোরশেদ তেলসহ টিসিবির বিভিন্ন ভোগ্যপণ্যের ডিলার।

র‌্যাব-৭ এর উপপরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোরশেদ টিসিবি পণ্যের ডিলার। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থায় তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য সরবরাহ করেন।

তিনি জানান, খোরশেদ টিসিবির বোতলজাত সয়াবিন তেলের বোতলের মোড়ক পাল্টে অন্য ব্রান্ডের মোড়ক লাগিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করেন। গোপন সংবাদ পেয়ে সোমবার অভিযান চালিয়ে দোকান থেকে দুই হাজার ৫৫২ লিটার জব্দ করা হয়।