‘গলায় যত জোর’ আন্দোলনে তত গতি নেই, বিএনপির উদ্দেশ্যে কাদের
“এখানে চট্টগ্রামের নাছির-নওফেল আছে। আমি তরুণ তুর্কীদের নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তায় পড়ি। এটা বন্ধ করতে হবে। কেন এই রেষারেষি,” বলেন তিনি।
বিএনপি আরেকবার ক্ষমতায় গেলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, স্বাধীনতার আদর্শ এমনকি বাংলাদেশ শুদ্ধ গিলে খাবে বলে মন্তব্য ওবায়দুল কাদের।
শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। ১০ তারিখে তো দেশ দখল করে! তার পরের দিন খালেদা জিয়া দেশ চালায়। তারপর তারেক রহমান এয়ারপোর্টে সবাইরে ডাকতেছে। হান্ডি পাতিল লোটা কম্বল নিয়ে ৭ দিন ধরে সমাবেশের নামে পিকনিক করে। এখন কোথায় গেল হম্বিতম্বি।
“লাল কার্ড। এখন লাল কার্ড থেকে আসলো নীরব পদযাত্রা। আজকে শুনলাম এর পরে হচ্ছে নিরীহ মানববন্ধন। সেই প্রোগ্রাম তারা দিয়েছে। তাদের গলায় যত জোর আন্দোলনে তত গতি নেই।”
কাদের বলেন, “ভয় পেয়েছে বিএনপি। তারা জানে ইলেকশন হলে শেখ হাসিনার আওয়ামী লীগ জিতবে। সেজন্য তারা ইলেকশনকে ভয় পায়। সেজন্য ফখরুল-মোশারফরা ইলেকশনে আসতে চায় না। শেখ হাসিনার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়।
“আসতে হবে। আমরা লুট করেছি না? হাওয়া ভবনের লুটপাট ভুলে গেছেন? হাজার হাজার কোটি টাকা লুটপাট আমেরিকা-সিঙ্গাপুরে ধরা পড়ে। লুটপাট আমরা করি? বর্গি চেয়েও ভয়ঙ্কর বিএনপি নামক লুটেরা দল।”
তিনি বলেন, “এরা ক্ষমতায় গেলে গণতন্ত্র গিলে খাবে। মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, স্বাধীনতার আদর্শ সব খিলে খাবে। এরা ক্ষমতায় গেলে আবারও হত্যা, ধর্ষণের রাজনীতি শুরু হবে। ওরা যদি আরেকবার ক্ষমতায় যায় বাংলাদেশ শুদ্ধ গিলে খাবে।
“কাজেই এ দলের হাতে বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিছুই নিরাপদ নয়।”
সভায় প্রয়াত নেতা মোছলেম উদ্দিনক স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘ত্যাগে-আদর্শে’ তাকে অনুসরণ করার আহ্বান জানান।
তিনি বলেন, “আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে হবে। নেত্রীর সাথে সকালে বিমানবন্দরে কথা বলে এসেছি। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যত জোটই হোক, যত দলের ঐক্য হোক, কোন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না।
“শুধু ঐক্যবদ্ধ থাকবেন। নিজেরা নিজেদের শত্রু হবে না। এই অনুরোধটুকু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদের করছি।”
‘তরুণ তুর্কীদের নিয়ে দুশ্চিন্তা’
সভায় কাদের বলেন, “এখানে চট্টগ্রামের নাছির-নওফেল আছে। আমি তরুণ তুর্কীদের নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তায় পড়ি। এটা বন্ধ করতে হবে। কেন এই রেষারেষি। একই দল করি। একই আদর্শে দল করি। কেন আমাদের মধ্যে পাল্টাপাল্টি। ধাওয়া পাল্টা ধাওয়া।
“এসব যখন পত্রপত্রিকায় দেখি, আমি লজ্জা পাই। সত্যি লজ্জা পাই। একটা কথা বলে রাখি, যে যেটাই বলুক- শেখ হাসিনা জিলো টলারেন্স, অপকর্মের বিরুদ্ধে। কাউকে তিনি এ পর্যন্ত ছাড় দেননি। যারা অপরাধ করেছে, অপরাধীদের শাস্তি তিনি দিয়েছেন। কেউ রক্ষা পায়নি।”
ছাত্রলীগের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ টেনে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, “আজকে ছাত্রলীগের নামে যা হচ্ছে এটা আমাদেরকে কষ্ট দেয়। লজ্জা দেয়। দেশবাসী জনগণকে আশ্বস্ত করতে চাই, শেখ হাসিনা কোনো অপকর্মকে ছাড় দেবেন না।“
তিনি চট্টগ্রামের ‘তরুণ তুর্কীদের’ সংশোধন হওয়ার পরামর্শ দেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোক সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম।
