২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক দিনে হাসপাতালে ভর্তি ১১১ জন ডেঙ্গু রোগী

জুন মাসে চট্টগ্রাম জেলায় ২৮২ জন ডেঙ্গু আক্রান্ত হন, জুলাই মাসের প্রথম ৯ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে।

চট্টগ্রামে এক দিনে হাসপাতালে ভর্তি ১১১ জন ডেঙ্গু রোগী

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 09:32 PM

Updated : 09 Jul 2023, 09:32 PM

চট্টগ্রামে গত এক দিনে ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়নি কারো।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৬জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ জন।

তাদের নিয়ে এ বছর চট্টগ্রামে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৫৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কিছুদিন ধরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

“পুরো জুন মাসে যতজন আক্রান্ত হয়েছিল, জুলাই মাসের নয় দিনে সেই সংখ্যা তা ছাড়িয়ে গেছে। ডেঙ্গু প্রতিরোধে সচতেনতা বৃদ্ধির সাথে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম বাড়াতে হবে।”

এছাড়া বাসায় মশারির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়ে নুরুল হায়দার বলেন, “জুলাই মাসের পর আগামী অগাস্ট ও সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

চলতি বছরের জুন মাসে চট্টগ্রাম জেলায় ২৮২ জন ডেঙ্গু আক্রান্ত হন, জুলাই মাসের প্রথম ৯ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে।

এ বছর যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে জুন মাসে মারা গেছেন ছয় জন; আর জুলাইয়ের নয় দিনে মারা গেছেন চারজন।

চট্টগ্রামের হাসপাতালগুলোতে এখন সব মিলিয়ে ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।