২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আফগান শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই, যুবক গ্রেপ্তার

রাতে হোস্টেলে ফেরার পথে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি এলাকায় ছিনতাইয়ের শিকার হন ওই শিক্ষার্থী।

চট্টগ্রামে আফগান শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. সজীব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 10:00 PM

Updated : 13 Dec 2023, 10:00 PM

চট্টগ্রামে এক বিদেশি শিক্ষার্থীর ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর নগরীর গোলপাহাড় এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তারের কথা জানান চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর।

গ্রেপ্তার মো. সজীবের (৩০) বাড়ি খুলশী থানার ঝাউতলা কালুর মার কলোনিতে।

পুলিশ জানায়, বন্দরনগরীর এমএ আলী রোডে সোমবার ছিনতাইয়ের শিকার হন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেন্সের আন্ডার গ্রেজুয়েট-১ লেভেলের শিক্ষার্থী ফাতেমা শরিফী। তিনি আফগানিস্তানের নাগরিক।

ওসি ওয়ালী উদ্দিন বলেন, “রাতে দুই সহপাঠীর সঙ্গে ফাতেমা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে হোস্টেলে ফিরছিলেন। সেসময় সজীব তাদের পথরোধ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চকবাজারে থানায় মামলা হলে সজীবকে গ্রেপ্তার করা হয়।”

ওই শিক্ষার্থীর মোবাইল ফোন, ব্যাগ, এটিএম কার্ড ও বিশ্ববিদ্যালয়ের কার্ড উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, সজীবের বিরুদ্ধে খুলশী ও চকবাজার থানায় দুইটি মামলা রয়েছে।