২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গুলি ছোড়া সেই যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড থেকে শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

চট্টগ্রামে গুলি ছোড়া সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রের বাইরে সংঘর্ষের সময় একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 11:43 PM

Updated : 08 Jan 2024, 11:42 PM

ভোটের দিন চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রের কাছে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষণকারী সেই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার সীতাকুণ্ড থেকে শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৭। 

দ্বাদশ সংসদ নির্বাচনে রোববার ভোটের দিন বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম- ১০ (ডবলমুরিং-পাহাড়তলি) আসনের পাহাড়তলি কলেজ কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটে। 

কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় এক ব্যক্তির গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে।

পরে তার নাম জানা যায় শামীম আজাদ, যিনি নগরীর ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। 

কাউন্সিলর ওয়াসিম এবারের নির্বাচনে সাবেক মেয়র মনজুর আলমের সমর্থনে কাজ করছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, ভোট কেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলি চালানোর ঘটনা ঘটে।

পুরনো খবর:

চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
চট্টগ্রামে গুলি ছোড়া ব্যক্তির পরিচয় মিলেছে

ঘটনার পর ওয়াসিম বলেছিলেন, তার অনেক কর্মী আছে। ওই সময় কী হয়েছিল সেটা তিনি জানেন না। 

এ ঘটনায় শান্ত বড়ুয়া (২৪) ও জামাল (৩৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়। 

খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ ঘটনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এসময় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ভোট কেন্দ্রের ভেতর কোন সমস্যা হয়নি।” 

দিন শেষে ভোটে বাচ্চু ৫৯ হাজার ২০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুর পান ৩৯ হাজার ৫৩৫ ভোট।